হামলার আতঙ্ক অনেকটাই কাটিয়ে উঠেছেন সইফ আলি খান। ছবির প্রচার অনুষ্ঠানেও দেখা গিয়েছে অভিনেতাকে। গত জানুয়ারি মাসজুড়ে সইফের উপর হামলার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল বলি পাড়ায়। গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে। একাধিক প্রমাণের ভিত্তিতে মুম্বই পুলিস নিশ্চিত শরিফুলই হামলা চালিয়েছিল সইফের উপর। যার জেরে টানা পাঁচদিন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল সইফকে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। সদ্য রুটিন চেকআপের জন্য লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন সইফ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামলা চালানো আততায়ীকে ‘বেচারা’ বলে সম্বোধন করেন নায়ক। হামলাকারীর প্রতি কোনও খারাপ মন্তব্য নয়, বরং সহানুভূতিই প্রকাশ করেছেন ‘নবাব’। সইফের কথায়, ‘আমার থেকেও ওর জীবন বেশি বিপর্যস্ত। ওর কোনও পূর্ব পরিকল্পনা ছিল বলে মনে করি না। চুরির উদ্দেশ্যেই ঢুকেছিল বাড়িতে। সেটাই ওর ভুল। এই ঘটনার পর আমার জীবনে কোনও পরিবর্তন আসেনি। তবে ওর জীবনটা বিপর্যস্ত হয়ে পড়ল।’ হামলার ঘটনার পর সইফের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও সইফ জানিয়েছেন, তিনি অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতে রাজি নন।



