Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩৫০ বছরের রীতি মেনে কৃষ্ণা নবমী তিথিতে পাহাড়পুর চণ্ডীমণ্ডপে শুরু সিংহবাহিনী পুজো

কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হল মা চতুর্ভুজা চণ্ডীদেবীর আরাধনা। টানা ১৮ দিন ধরে চলবে মালদহের চাঁচলের ঐতিহ্যবাহী রাজ ঠাকুরবাড়ির পুজো।

৩৫০ বছরের রীতি মেনে কৃষ্ণা নবমী তিথিতে পাহাড়পুর চণ্ডীমণ্ডপে শুরু সিংহবাহিনী পুজো
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

উজির আলি, চাঁচল: কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হল মা চতুর্ভুজা চণ্ডীদেবীর আরাধনা। টানা ১৮ দিন ধরে চলবে মালদহের চাঁচলের ঐতিহ্যবাহী রাজ ঠাকুরবাড়ির পুজো। সোমবার কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সতীঘাটায় তামার ঘট ভরে শুরু হল রাজার প্রচলিত পুজো। পুজোকে ঘিরে পাহাড়পুর, গিলাবাড়ি, দক্ষিণপাড়া, থানাপাড়া, ট্যান্ডেলপাড়া, আমলাপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দাদের উন্মাদনা তুঙ্গে।

Advertisement

সাড়ে তিনশো বছরের পুরনো রাজপ্রথা মেনে কৃষ্ণা নবমী তিথি থেকেই এখানে মা চণ্ডীর পুজো শুরু হয়। এদিন ঘট ভরে ঢাকের শব্দে, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সিংহবাহিনী দেবীর পুজো শুরু হয়। এদিন থেকে ষষ্ঠী পর্যন্ত চণ্ডীপাঠের পাশাপাশি সন্ধ্যা আরতি হবে। সপ্তমীর ঊষা লগ্নে চাঁচল রাজঠাকুর বাড়ি থেকে ঢাকঢোল সহযোগে দেবী সিংহবাহিনীকে নিয়ে যাওয়া হবে দুই কিমি দূরে পাহাড়পুর চন্ডী মণ্ডপে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবী চতুর্ভুজা চণ্ডী রূপে পুজিত হবেন। অষ্টমী তিথিতে কুমারী পুজোর প্রচলন রয়েছে সেখানে। এছাড়া পাহাড়পুর পুজো কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় অষ্টমী তিথিতে ভান্ডারার আয়োজন করা হয়। প্রসাদ নিয়ে কয়েক হাজার পুণ্যার্থী হাজির হন সেখানে। দশমীর সকালে পাহাড়পুর চণ্ডী মণ্ডপ থেকে দেবী সিংহবাহিনীকে আবার নিয়ে আসা হয় রাজ ঠাকুরবাড়িতে। সেখানেই সারা বছর নিত্যপুজো করেন রাজ পুরোহিত ভোলানাথ পাণ্ডে। কথিত আছে, সতেরো শতকের শেষের দিকে চাঁচলের রাজা রামচন্দ্র রায় চৌধুরীর আমলে এই পুজোর সূচনা হয়। দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন রাজা। নদী থেকে অষ্টধাতুর মূর্তি সংগ্রহ করে নিয়ে আসা হয় পাহাড়পুরে। সেখানেই মাটি ও ছাউনির ঘরে পুজো শুরু হয়। পরবর্তী রাজা শরৎচন্দ্র রায় চৌধুরীর নির্দেশে তৎকালীন রাজ স্টেটের ম্যানেজার সতীরঞ্জন বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে পাহাড়পুরে পাকা মন্দির নির্মিত হয়েছিল। প্রাচীন রাজপ্রথা মেনে প্রতিবছর সেখানে পুজোর আয়োজন করা হয়। চাঁচল রাজ ট্রাস্টি বোর্ডের সুপারভাইজার দেবজয় ভট্টাচার্য বলেন, রাজার পুজো বলে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। 
ট্রাস্টের পুরোহিত সৌমিত্র চক্রবর্তী বলেন, রাজাকে মা চণ্ডীদেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন। তাই এখানে কৃষ্ণা নবমী থেকে পুজো শুরু হয়।  ঘট স্থাপন করে পুজো। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ