নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বুধবার দুপুরে মুম্বই থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন চুঁচুড়ার তরুণী গায়িকা সঙ্গীতা চক্রবর্তী। এদিন কারবালা রোডের কাবেরীপাড়ার বাড়িতে শববাহী গাড়ি ঢুকতেই ডুকরে কেঁদে ওঠেন সঙ্গীতার মা। প্রতিবেশীরাও চোখের জল আটকাতে পারেননি। মঙ্গলবার সকালে মুম্বইয়ে সঙ্গীতার অস্বাভাবিক মৃত্যুর খবর মিলতেই শোকের ছায়া নেমেছিল কাবেরীপাড়ায়। বুধবার চুঁচুড়ায় সঙ্গীতাদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু শোকের আবহ কাটেনি প্রতিবেশীদের। এদিন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, এলাকার কাউন্সিলার মৌসুমি মাঝি, এলাকার বাসিন্দা আরেক কাউন্সিলার ইন্দ্রজিৎ দত্ত (বটা) ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা প্রতিভাবান গায়িকার শেষকৃত্যেও অংশ নেন।



