Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিকেলের জঞ্জাল সংগ্রহের দায়িত্ব নিচ্ছে শিলিগুড়ি পুরসভা

জঞ্জাল সাফাই ও তা দ্রুত তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবার শিলিগুড়ি পুরসভার উপরই অনেকটা নির্ভর করতে হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে।

মেডিকেলের জঞ্জাল সংগ্রহের দায়িত্ব নিচ্ছে শিলিগুড়ি পুরসভা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: জঞ্জাল সাফাই ও তা দ্রুত তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবার শিলিগুড়ি পুরসভার উপরই অনেকটা নির্ভর করতে হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে জমে থাকা বর্জ্য নিয়মিত না সরানোয় ফাঁকা জায়গাগুলিতে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। পরিস্থিতি বদলাতে পুরসভা এবং এসজেডি’র সঙ্গে সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। এতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প পুরোটাই বাজে খরচের তালিকায় চলে গেল। 

Advertisement

সম্প্রতি এসজেডি এবং পুরসভার শীর্ষ কর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। আগামী ১৮ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠকে গোটা বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ সুজয় মিস্ত্রি। 
অন্যদিকে, হাসপাতাল চত্বরে জঞ্জাল ব্যবস্থাপনার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে তৈরি হওয়া অর্ধসমাপ্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়েও প্রশ্ন উঠছে। বিপুল অর্থ খরচ করে মেডিকেল কলেজের ফাঁকা জায়গায় প্রকল্পের কাজ শুরু হলেও তা আজও পুরোপুরি চালু হয়নি। একাধিকবার উদ্বোধনের দিন পিছিয়ে যাওয়ার পর বর্তমানে প্রকল্পের বড়ো অংশই জঙ্গলে ঢাকা পড়েছে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রকল্পটির যাবতীয় দায়িত্ব মহকুমা পরিষদের বহন করার কথা ছিল। পরবর্তীতে হাসপাতালের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রকল্প পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, কর্মী সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেই দায়িত্ব নিতে রাজি হয়নি। পাশাপাশি প্রকল্প চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর কাজও সম্পূর্ণ হয়নি। 
বর্তমানে এসজেডিএ’র দেওয়া সাফাইকর্মীদের দিয়েও গোটা মেডিকেল কলেজ চত্বর জঞ্জালমুক্ত রাখা সম্ভব হচ্ছে না। তাই পুরসভার সহযোগিতায় নতুন করে ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রিন্সিপাল জানান, বর্তমান পরিস্থিতি থেকে হাসপাতালকে জঞ্জালমুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। 
এদিকে, মাটিগাড়া এলাকাকে পুরসভার আওতায় আনার সরকারি উদ্যোগ বাস্তবায়িত হলে পঞ্চায়েত এলাকা থেকে পুরসভায় যুক্ত হওয়ার পর জঞ্জাল ব্যবস্থাপনার এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলেও আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ