পাটনা, ৬ সেপ্টম্বর: একটুর জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিকিম মহানন্দা এক্সপ্রেস। রবিবার সকালে অলিপুরদুয়ার থেকে দিল্লি যাওয়ার পথে বিহারের আরা রেল স্টেশন সংলগ্ন এলাকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেললাইনে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের তিনটি বগি।
জানা গিয়েছে, ১৫৪৮৩ আলিপুরদুয়ার জংশন-দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস আরা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ভোর ৪টা ১২ মিনিট নাগাদ পৌঁছয়। এরপর ট্রেনটি আপ লাইনে যাওয়ার সময় স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিন এবং তার পরের দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, দিল্লির দিকে যাওয়ার সময় সিগন্যালের কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে ট্রেনটি দিল্লি লাইনের পরিবর্তে সাসারাম লাইনের দিকে ঘুরে যায়। তার কিছু পরেই এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে সিগন্যালের এই পরিবর্তন ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এর তদন্ত করছে রেল আধিকারিকরা।
ঘটনার খবর পেয়েই রেলের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধার, মেরামতি ও পুনরুদ্ধারের কাজ। লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগিকেই ফের সঠিক স্থানে ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন রেলকর্মীরা। ঘটনার পর ওই লাইনে রেল চলাচল ব্যাহত হয়। ইতিমধ্যেই একটি বিশেষ প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। রেল কর্তৃপক্ষ সিগন্যাল কীভাবে সাসারাম লাইনের দিকে পরিবর্তিত হল এবং তার পরেও ট্রেনটি কীভাবে সেই পথে এগিয়ে গেল, তা খতিয়ে দেখছে। রেল সূত্রে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে। ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা শেষ হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।