নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা প্রকল্পের অনুমোদন প্রত্যাহার করার পরও বহুতলের শিলান্যাস করে সিকিম সরকার। বুধবার শিলিগুড়ি শহরের গুরুংবস্তিতে সুস্বাস্থ্য ভবন নির্মাণের শিলান্যাস করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং। ওই অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে মঙ্গলবার ভবন নির্মাণের অনুমোদন প্রত্যাহার করে সিকিম সরকারকে জানিয়েছিল শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, পুর আইন অমান্য করে সিকিম ওই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান করেছে। মেয়র গৌতম দেব বলেন, স্থানীয় বাসিন্দাদের একাংশও প্রকল্প নিয়ে আপত্তি তুলেছেন। তা পর্যালোচনা করে মঙ্গলবার মেয়র পরিষদের জরুরি সভা করে সিকিম সরকারের সেই প্রকল্পের অনুমোদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিনই মেইলে সিকিম সরকারকে তা জানিয়ে দেওয়া হয়।



