Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

ভোটে না লড়ার ঘোষণা সিদ্ধারামাইয়ার

২০২৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বয়স, শারীরিক অসুস্থতা এবং রাজনীতিতে ক্রমবর্ধমান দুর্নীতির কথা উল্লেখ করে এমনটাই ঘোষণা করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সিদ্ধারামাইয়া।

ভোটে না লড়ার ঘোষণা সিদ্ধারামাইয়ার
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ২০২৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বয়স, শারীরিক অসুস্থতা এবং রাজনীতিতে ক্রমবর্ধমান দুর্নীতির কথা উল্লেখ করে এমনটাই ঘোষণা করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সিদ্ধারামাইয়া। শনিবার তিনি বলেন, ‘আজকের রাজনীতি দুর্নীতিতে ভরা। তাই আমি ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে রাজনীতিতে সক্রিয় থাকব। মানুষের স্বার্থে সবসময় সরব থাকব।’ প্রসঙ্গত, প্রায় দু’মাস আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে নিজের ডেপুটি ডি কে শিবকুমারের হাতে দায়িত্ব তুলে দেন সিদ্ধারামাইয়া। অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭৮ সালে রাজনীতিতে পা রেখেছিলেন। ২০২৮ সালে তাঁর রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হবে। বলেন, ‘রাজনৈতিক জীবনে জয়-পরাজয় দুটোই দেখেছি। তবে কখনও নিজের আদর্শ বা বিবেকের সঙ্গে আপস করিনি।’ একইসঙ্গে বর্তমান নির্বাচনি ব্যবস্থারও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, ‘এখন নির্বাচন লড়তে হলে ভোটারদের টাকা দিতে হয়। একসময় আমার কেন্দ্রের মানুষই নির্বাচনি প্রচারের জন্য অর্থ সংগ্রহ করে পাশে দাঁড়াতেন।’ সিদ্ধারামাইয়া আরও জানান, পরবর্তী বিধানসভা নির্বাচনের সময় তাঁর বয়স হবে প্রায় ৮২ বছর। সেই বয়সে আগের মতো শক্তি ও উদ্যম নিয়ে কাজ করা সম্ভব হবে না। তাই নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ