শৈশবে যাঁদের পর্দায় দেখে বড় হয়েছেন, তাঁদের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো! সেই স্বপ্নই পূরণ হচ্ছে অভিনেত্রী সায়ামি খেরের। নয়ের দশকে বেড়ে উঠেছেন তিনি। বিনোদন জগতে আসার আগে চুটিয়ে সিনেমা দেখেছেন। ফলে শৈশব ও কৈশোরে অক্ষয় কুমার, সইফ আলি খানের মতো তারকাদের পর্দায় দেখেই বড় হয়েছেন তিনি। এবার সেই তারকাদের সঙ্গেই কাজের সুযোগ পেলেন নায়িকা। সঙ্গে আবার পরিচালকের আসনে প্রিয়দর্শন। মঙ্গলবার শ্যুটিংয়ের অভিজ্ঞতা সমাজমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘নতুন জার্নি শুরু হল। খিলাড়ি অক্ষয় কুমার অজান্তেই আমাকে রোজ অনুপ্রাণিত করেন ওঁর ফিটনেসের মাধ্যমে। আর সইফ আলি খানের সেন্স অব হিউমর অসাধারণ। নয়ের দশকের বেড়ে ওঠা প্রত্যেকের কাছেই ‘দিল চাহতা হ্যায়’ হল আবেগ। আর প্রিয়দর্শন স্যারের ১০০তম ছবিতে কাজের সুযোগ পাওয়া অসাধারণ অভিজ্ঞতা।’ ১৮ বছর পর ‘হ্যায়বান’ ছবির মাধ্যমে জুটি বাঁধলেন সইফ ও অক্ষয়। সেই ছবিতে শৈশবের দুই তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত নায়িকা। তিনি ইতিমধ্যেই শ্যুটিংয়ে যোগ দিয়েছেন।



