Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সই জাল কাণ্ডে গ্রেপ্তার ব্যক্তি চাকরির প্রতারণাতেও জড়িত

সই জাল কাণ্ডে গ্রেপ্তার ব্যক্তি চাকরির প্রতারণাতেও জড়িত
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: তৃণমূল কংগ্রেসের প্যাড ও রাজ্য সভাপতির সই জাল করে দুটি ব্লকের সভাপতি পদে ভুয়ো নিয়োগপত্র কাণ্ডে গ্রেপ্তার আরও একজন। ধৃতের নাম মলয় দেব অধিকারী (৫০)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায়। শনিবার রাতে আসারি এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিস। পাশাপাশি ঘটনার তদন্ত করছে রায়গঞ্জ জেলা পুলিস এবং গোয়েন্দা বিভাগ। ধৃতের কাছ থেকে মোবাইল, বেশকিছু সিম এবং এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ব্যক্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি চাকরি প্রতারণার সঙ্গে যুক্ত বলে পুলিসের অনুমান।  রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে ৬ দিনের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
গত জানুয়ারি মাসে তৃণমূলের প্যাড ও রাজ্য সভাপতির সই জাল করে হেমতাবাদ ব্লক ও রায়গঞ্জ ব্লক ২ এর সভাপতি পরিবর্তনের ভুয়ো নিয়োগপত্র ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক ২ ও হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন করা হয়েছে বলে সেই নিয়োগপত্রে উল্লেখ ছিল। ঘটনার কথা জানার পর হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলি হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা তৃণমূলের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে এর আগে সইফুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিস। এবার ভিনজেলা থেকে মলয়কে পাকড়াও করা হল। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি বলেন, মলয় এতদিন ফেরার ছিল। অবশেষে তাকেও গ্রেপ্তার করেছে পুলিস।
 পুলিস সূত্রে খবর, ধৃত ব্যক্তির সঙ্গে উত্তর দিনাজপুর জেলার অনেকের যোগাযোগ রয়েছে। শুধু দলের নিয়োগপত্র জাল করাই নয়, সরকারি চাকরিতে ভুয়ো নিয়োগপত্র বানিয়ে দেওয়ার সঙ্গেও মলয় জড়িত। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে মলয় গ্রেপ্তার হয়েছে। তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ