সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ১ নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় লো-ভোল্টেজের তীব্র সমস্যা। এই সমস্যা দূর করতে শ্যামপুর-গাদিয়াড়া রাস্তায় ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামে তৈরি হচ্ছে বিদ্যুতের নতুন সাব স্টেশন। শুক্রবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, সাব স্টেশনটি তৈরি করতে ব্যয় হবে প্রায় এক কোটি টাকা। এক বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই সাব স্টেশন চালু হলে গাদিয়াড়া, শিবগঞ্জের মতো পর্যটন কেন্দ্র সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪৫ হাজার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি এই এলাকার ইটভাটাগুলিও এই পরিষেবা পাবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এই এলাকায় লো-ভোল্টেজের সমস্যা। বিশেষ করে গ্রীষ্মে এই সমস্যা তীব্র হয়। সেকারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বিদ্যুতের সাব স্টেশন তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই এই নতুন সাব স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তর। এটি তৈরি হয়ে গেলে লো-ভোল্টেজের সমস্যা অনেকটাই মিটবে বলে জানিয়েছেন বিধায়ক।



