লখনউ: সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ আটে পিভি সিন্ধু। বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে স্বদেশি ইরা শর্মাকে হারলেন তিনি। ৪৯ মিনিটে সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১০, ১২-২১, ২১-১৫। শুরুটা ভালো করলেও দ্বিতীয় গেমে হোঁচট খান ওলিম্পিকসে পদক জয়ী শাটলার। তবে তৃতীয় গেমে ফের দাপট দেখিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেন সিন্ধু। শেষ আটে তাঁর প্রতিপক্ষ চীনের দাই ওয়াং। ২০২২ সালে সিঙ্গাপুর ওপেনে শেষবার শিরোপা জিতেছিলেন তিনি। তাই ট্রফির খরা কাটাতে এই প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ সিন্ধুর কাছে। জয়ের ছন্দ ধরে রাখলেন লক্ষ্য সেন। এদিন পুরুষদের সিঙ্গলসে সহজেই দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন তিনি। মাত্র ৩৫ মিনিটে স্ট্রেট গেমে লক্ষ্য বশ মানালেন ইসরায়েলের ড্যানিল দুবোভেনকোকে। তারকা পুরুষ শাটলারের পক্ষে খেলার ফল ২১-১৪, ২১-১৩।



