নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যানিংয়ে খুনের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তাঁর আইনজীবীর দাবি, জোর করে তাঁর মক্কেলের জমি দখল করে দলীয় অফিস তৈরি করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই কাজে বাধা দিতে গেলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তাই আপাতত প্রাণ ভয়ে ক্যানিং ছেড়ে বাসন্তীতে থাকছেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি নিয়ে মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান হয়। বিচারপতি মামলা দায়ের করার প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন। আজ, শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।



