Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুমিত্র-নির্মল বিদ্যালয় পুরস্কার পেলেও উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়নি গঙ্গারামপুর রবীন্দ্র স্মৃতি স্কুল

শিশুমিত্র-নির্মল বিদ্যালয় পুরস্কার পেলেও উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়নি গঙ্গারামপুর রবীন্দ্র স্মৃতি স্কুল
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: ২০২১ সালে রাজ্য সরকারের শিশুমিত্র পুরস্কার।  ২০২২ সালে নির্মল বিদ্যালয়ের পুরস্কারে সম্মানিত। ২০২১ সালের মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নেয় গঙ্গারামপুর রবীন্দ্র স্মৃতি স্কুল। রাজ্যের মধ্যে তৃতীয় এবং নবম স্থান অধিকার করে এই স্কুলের পড়ুয়া। পড়াশোনার পরিবেশও মনোরম। ধারাবাহিক এত সাফল্যের পরও পরিকাঠামো নিয়ে একরাশ আক্ষেপ কর্তৃপক্ষের। শনিবার স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চে একরাশ অভিযোগ ঝড়ে প‌ড়ল স্কুল কর্তৃপক্ষের তরফে। প্রধান শিক্ষক পঙ্কজকুমার মজুমদার বলেন, আমাদের স্কুলে খেলার মাঠের অভাব। পরপর তিনবার উচ্চ মাধ্যমিকস্তরে উন্নীত করার আবেদন শিক্ষা দপ্তরে জানানো হয়েছে। একই সময়ে স্থাপিত কিছু স্কুল উচ্চমাধ্যমিকে উন্নীত হলেও আমাদের আমাদের আবেদনে এখনও সাড়া মেলেনি।
Advertisement
২০০১ সালে ২৭২ জন পড়ুয়া নিয়ে এই স্কুলের পথচলা শুরু। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন স্কুলের পাশে একটি মঞ্চ তৈরি করে পড়ুয়াদের সঙ্গে নিয়ে রজত জয়ন্তী উৎসব পালন করে স্কুল কর্তৃপক্ষ। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার অনুষ্ঠান ছোট করেই আয়োজন করা হয়। শহরের কবি সাহিত্যিক, স্কুল পরিচালন সমিতি ও আশপাশের স্কুলের শিক্ষকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের পড়ুয়ারা গান, আবৃতি, নাচ পরিবেশন করে। দেওয়াল পত্রিকা প্রকাশ পায়। স্কুলের সাফল্যের তালিকা অনেক লম্বা। সরকারি স্কুলের পরিবেশ যে এতটা আদর্শ ও মনোরম পরিবেশ হতে পারে, স্কুল চত্বরে না আসলে বোঝার উপায় নেই।   
স্কুলের পাশে পুরসভার বিশাল পতিত জমি পরে থাকলেও তা খেলার মাঠের জন্য মেলেনি। স্কুলে প্রতিবছর ছাত্রসংখ্যা বৃদ্ধি পেলেও পরিকাঠামোর উন্নতি হচ্ছে না। স্কুল পরিচালন সমিতির সভাপতি মহম্মদ আনোয়ার হোসেন বলেন, দু’বছর হয়েছে আমি সভাপতির দায়িত্ব পেয়েছি। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য লেগে আছি। খেলার মাঠ ও উচ্চ মাধ্যমিকস্তরে উন্নীত করা ভীষণ প্রয়োজন। উন্নত পরিকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের গঙ্গারামপুর মহকুমায় স্কুলের এমন ভালো পরিবেশ কোথাও নেই, গর্ব করে বলতে পারি। সেই সঙ্গে আদর্শ শিক্ষাদানের মাধ্যমে পড়ুয়ারা রাজ্য স্কুলের নাম উজ্জ্বল করেছে। অভিভাবক রতন হালদার বলেন, আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। স্কুলের পড়াশোনা ভালো। কিন্তু খেলাধুলার জায়গা নেই। পাড়ার ভিতরে একটি স্কুল। মাধ্যমিক শেষে অন্য স্কুলে ভর্তি করতে হবে। এই স্কুলে উচ্চ মাধ্যমিক থাকলে ভালো হত। 
(গঙ্গারামপুর রবীন্দ্র স্মৃতি স্কুলের রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠান।-নিজস্ব চিত্র)
Advertisement
সম্পর্কিত সংবাদ