নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত বলাইচরণ মাইতি ও মানবকুমার পড়ুয়ার শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ৫০ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে দু’জনের জামিন মঞ্জুর করেছে। জামিনের প্রেক্ষিতে আদালতের শর্ত, দু’জনেই রাজারহাট-নিউটাউন থানা এলাকার বাইরে যেতে পারবেন না। তদন্তে সহযোগিতা করতে হবে। সপ্তাহে দু’দিন নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। তদন্তকারী অফিসার ও আদালতের কাছে তাঁদের ঠিকানা জানিয়ে রাখতে হবে। তাঁদের গতিবিধি ও মোবাইলে কথোপকথনে নজরদারি করতে পারবে এনআইএ। এক্ষেত্রে ব্যবহৃত মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিকের কাছে জমা রাখতে হবে। তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না। সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। জানা গিয়েছে, ২০২২ সালে ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। পরে এই মামলাটির তদন্তভার গ্রহণ করে এনআইএ। সেই মামলাতেই এবার অভিযুক্তদের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।



