নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ২১ মার্চ পর্যন্ত হকার উচ্ছেদ করা যাবে না। ঘটনা হল, অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশন লাগোয়া এলাকা থেকে দখলদারদের উচ্ছেদ করতে নোটিস জারি করেছিল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উচ্ছেদ কাজ হওয়ার কথা ছিল। বুধবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, হকাররা ওই এলাকায় ৫০ বছর ধরে ব্যবসা করলেও ওই ইউনিয়নের কারও ব্যবসা চালানোর বৈধ লাইসেন্স রয়েছে কি? ইউনিয়নের তরফে আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় দাবি করেন, লাইসেন্স না থাকলেও ওই হকাররা বহিরাগত নন। তাঁদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক। শুনানি শেষে বিচারপতি জানান, ২১ মার্চ পর্যন্ত উচ্ছেদ কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে। এর মধ্যে হাওড়ার ডিআরএম হকারদের নথি দেখে শুনানি করে তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেবেন। ১৩ মার্চ পরবর্তী শুনানি।



