‘আউটহাউজ’। বড়পর্দায় এটাই শর্মিলা ঠাকুরের পরবর্তী কাজ। পরিচালক সুনীল সুখথানকারের এই ছবি চলতি বছরের শেষে মুক্তি পাবে বলে খবর। সোনালি কুলকার্নি, নীরজ কবির মতো শিল্পীরাও এই ছবিতে অভিনয় করেছেন। প্রযোজক আগাসি বলেন, ‘খুব সহজ গল্প। ছোট ছোট ঝগড়া থেকে কখন জীবনে বড় পরিবর্তন ঘটে যায়, এই ছবিটা সেটাই দেখাবে।’ শর্মিলার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুলমোহর’ এবছর জাতীয় পুরস্কার পেয়েছে। ‘আউটহাউজ’-এও তাঁর অন্যরকম পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। ইদানীং কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। চিত্রনাট্য, চরিত্র পছন্দ হলে তবেই সেই প্রজেক্টে অভিনয় করেন। ‘আউটহাউজ’-এর গল্পও অন্য স্বাদের বলেই তিনি অভিনয় করেছেন। বছর শেষে মন ভালো করা ছবি দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।



