সংবাদদাতা, বারুইপুর: শ্রমিক মৃত্যুর ঘটনায় কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিস। ভাঙড়ের পদ্মপুকুর এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিস জানিয়েছে, কারখানার মালিকের নাম জিতেন্দ্র সিং ও ম্যানেজারের নাম রেবতী ঝা। এঁদের বাড়ি দিল্লি ও বিহারে। মঙ্গলবার ভাঙড়ের পদ্মপুকুরে একটি প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। বিহারের দুই বাসিন্দা মোহন রায় ও মহম্মদ আনোয়ার ট্যাঙ্কটি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহন রায়কে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন। এই ঘটনায় নিরাপত্তা ও গাফিলতির অভিযোগে পুলিস মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।



