Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রমিক খুনে দোষী সাব্যস্ত ঠিকাদার

শ্রমিক খুনে দোষী সাব্যস্ত ঠিকাদার
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০২০ সালে এক শ্রমিককে খুনের মামলায় সোমবার এক ঠিকাদারকে দোষী সাব্যস্ত করল শ্রীরামপুর আদালত। বিজু দাস নামে ওই ঠিকাদার ওড়িশার বাসিন্দা। ২০২০ সালের নভেম্বর মাসে শ্রীরামপুরের একটি প্লাইউড কারখানার আবাসনে কারখানার শ্রমিক গৌতম রাউতের সঙ্গে তাঁর বিবাদ হয়। পাওনাগন্ডা নিয়ে সেই বিবাদের জেরে বিজু দাস গৌতমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। দিন কয়েক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে গৌতমের মৃত্যু হয়। ওই ঘটনায় মৃতের দাদা অলোক রাউত থানায় অভিযোগ করেছিলেন। ঘটনার পরপরই পুলিস বিজুকে গ্রেপ্তার করেছিল। দ্রুত তদন্ত করে চার্জশিট দেয় পুলিস। গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। মামলার সরকারি আইনজীবী সুমাল্য দাস ও সুশান্ত সরকার বলেন, এডিজে আজম খানের এজলাসে ওই মামলার শুনানি ছিল। ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিচারক এদিন বিজু দাসকে দোষী সাব্যস্ত করেছেন। দ্রুত ওই মামলায় সাজা ঘোষণা করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ