নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকর। সৌজন্যে পরিচালক প্রিয়দর্শনের ‘হ্যায়বান’। এই ছবির হাত ধরে প্রায় ১৮ বছর পর বড়পর্দায় জুটি বাঁধছেন সইফ আলি খান ও অক্ষয় কুমার। সদ্য কোচিতে ছবির শ্যুটিং শুরু হয়েছে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অক্ষয় নিজেই। জানা গিয়েছে, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রিয়াকে। ‘মির্জাপুর’, ‘দ্য ব্রোকেন নিউজ’-এর মতো একাধিক সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি বাণী কাপুর অভিনীত ‘মান্ডালা মার্ডার্স’ সিরিজেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক। সূত্রের খবর, প্রিয়দর্শনের ছবির শ্যুটিং এখনও শুরু করেননি অভিনেত্রী। শীঘ্রই তিনি কাজে যোগ দিতে পারেন।



