Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইতিহাস গড়ল শ্রেয়স ব্রিগেড, ২৬৫ তাড়া করে জয়ী পাঞ্জাব, বিফলে রাহুলের শতরান

ক্রিকেট তো নয়, যেন অবিশ্বাস্য রূপকথা! ৩৯ ওভারে ৫২৯ রান, বাইশ গজে ব্যাটিং তাণ্ডব ছা‌ড়া আর কী?

ইতিহাস গড়ল শ্রেয়স ব্রিগেড, ২৬৫ তাড়া করে জয়ী পাঞ্জাব, বিফলে রাহুলের শতরান
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: ক্রিকেট তো নয়, যেন অবিশ্বাস্য রূপকথা! ৩৯ ওভারে ৫২৯ রান, বাইশ গজে ব্যাটিং তাণ্ডব ছা‌ড়া আর কী? শনিবার কোটলায় টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল পাঞ্জাব কিংস। সাত বল বাকি থাকতেই ২৬৫ রানের টার্গেট টপকে যায় প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি (২৬৫-৪)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে এই নাটকীয় জয় সিনেমাকেও হার মানাবে! উল্লেখ্য, ২০২৪ সালে কেকেআরের বিরুদ্ধে ২৬২ রান তাড়া করে জয়ের পুরানো রেকর্ডটিও ছিল পাঞ্জাবের দখলেই।

Advertisement

অথচ, প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের অপরাজিত ১৫২ রানের সুবাদে আড়াইশো পেরিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ৬৭ বলে ১৬টি চার ও ৯টি ছক্কা হাঁকান কেএল। আইপিএলে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। পাশাপাশি কোটিপতি লিগের ইতিহাসে তৃতীয় সর্বাধিক ব্যক্তিগত স্কোরের নজিরও গড়লেন তিনি। তাঁর সামনে রয়েছেন ক্রিস গেইল (১৭৫) ও ব্রেন্ডন ম্যাকালাম (১৫৮)। কোনো ভারতীয়ের অবশ্য এটাই সর্বাধিক স্কোর। এদিন, রাহুল ছাড়াও বড় রান পান নীতীশ রানা (৪৪ বলে ৯১)। দ্বিতীয় উইকেটে দু’জনে যোগ করেন ২২০ রান। তবে শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হল রাহুলকে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এই তারকা ব্যাটারের সংগ্রহ ৩৫৭ রান।
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে পাঞ্জাবের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্য্য। প্রথম উইকেটে ঝড়ের গতিতে ৬.৫ ওভারে তাঁরা তোলেন ১২৬। স্পিনাররা আসার পর কিছুটা কমে রানের গতি। অক্ষর প্যাটেল ফেরান প্রিয়াংশকে (১৭ বলে ৪৩)। প্রভসিমরন (২৬ বলে ৭৬) ও কুপার কনোলি (১৭) শিকার হন কুলদীপ যাদবের। এরপর চতুর্থ উইকেটে নেহাল ওয়াধেরার (২৫) সঙ্গে ৫৬ যোগ করেন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। তারপর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে শশাঙ্ক সিংয়ের (অপরাজিত ১৯) সঙ্গে ২৬ বলে ওঠে ৬৪। শেষ পর্যন্ত ৩৬ বলে ৭১ করে দলকে জিতিয়ে ফেরেন ক্যাপ্টেন শ্রেয়স। তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা ও তিনটি চার। অবশ্য দু’বার তাঁর সহজ ক্যাচ ফেলেন পরিবর্ত ফিল্ডার করুণ নায়ার। শেষ পর্যন্ত তারই মাসুল দিতে হয় দিল্লি ক্যাপিটালসকে। 
এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত হল পাঞ্জাবের (৭ ম্যাচে ১৩ পয়েন্ট)। শ্রেয়স ব্রিগেডই প্রতিযোগিতার একমাত্র অপরাজিত দল। জয়ের পর ক্যাপ্টেনের গলায় ধরা পড়ল আবেগ, ‘ভাষা হারিয়ে ফেলছি। রাহুল অসাধারণ খেলল। ছেলেদের বলেছিলাম, ওদের থেকে এক রান বেশি তুলতে হবে। আর সে জন্য পাওয়ার প্লে’কে যথাসম্ভব কাজে লাগাই আমরা। জয়ের সঙ্গে বোনাস হিসেবে এসেছে রেকর্ড।’

সম্পর্কিত সংবাদ