Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেয়ারে ৩০ লক্ষ খুইয়ে অবসাদ, বিমানবন্দরে দেহ উদ্ধার জওয়ানের

শেয়ারে ৩০ লক্ষ খুইয়ে অবসাদ, বিমানবন্দরে দেহ উদ্ধার জওয়ানের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইন গেম আর শেয়ার মার্কেটে বিনিয়োগ। এই দুই নেশাই কাল হল সিআইএসএফ জওয়ান রঘুনাথ পালের (৩৯)। সর্বস্ব খুইয়ে আত্মঘাতী হলেন তিনি। বুধবার কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল কার্গো বিল্ডিং থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২০২২ সালের ১৬ জুন থেকে এই জায়গায় কর্মরত ছিলেন সিআইএসএফ জওয়ান রঘুনাথ। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ডিউটিতে যোগ দেন তিনি। ইন্টারন্যাশনাল কার্গো বিল্ডিংয়ে একটি অফিসঘরে ঢুকে দীর্ঘক্ষণ ভিতর থেকে দরজা বন্ধ রাখেন। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়াশব্দ না পেয়ে সকাল ১০টা ১০ মিনিট নাগাদ সেই ঘরের দরজা ভেঙে ফেলা হয়। দেখা যায়, ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন রঘুনাথ। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর তাদের ধারণা, সকাল ৯টার আগে-পরে কোনও সময় আত্মঘাতী হয়েছেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোট। সেখানেই রঘুনাথ অনলাইন গেম এবং শেয়ার মার্কেটে ৩০ লক্ষ টাকা খোয়ানোর কথা জানিয়েছেন। বাজারে তাঁর যে বিপুল দেনা হয়েছিল এবং তা পরিশোধ করার মতো টাকা তাঁর নেই—তারও উল্লেখ রয়েছে ওই সুইসাইড নোটে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের বাসিন্দা রঘুনাথবাবু ইদানীং কলকাতা বিমানবন্দরের কাছে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ছেলের বয়স তিন বছর, মেয়ের বয়স ১১ বছর। গত এক বছরে চারবার ছুটি নিয়েছিলেন তিনি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ