Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুটপাত, রাস্তা দখল করে পরপর দোকান ইংলিশবাজারে, প্রশাসনের দ্বারস্থ পুরসভা

ফুটপাত, রাস্তা দখল করে পরপর দোকান ইংলিশবাজারে, প্রশাসনের দ্বারস্থ পুরসভা
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা মালদহ: ব্যস্ত রবীন্দ্র অ্যাভিনিউয়ের ফোয়ারা মোড় চত্বরে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা চাট ভাণ্ডার ঘিরে ক্রেতারা। হঠাৎ করেই রাস্তা ধরে এগিয়ে আসা বাইকের চাকা লাগল এক ক্রেতার গায়ে। শুরু বাকবিতণ্ডা। খানিক দূরেই রাস্তায় পসরা সাজিয়ে বসা মোমোর দোকানের সামনে থামল টোটো। মোমোপ্রেমী যাত্রী নামতে না নামতেই পিছনে আসা চার চাকা গাড়ির তীব্র হর্ন। এমনই টুকরো টুকরো ছবি ধরা পড়ছে ইংলিশবাজার শহর জুড়ে নিত্যদিনই। দখল হয়ে যাওয়া ফুটপাত থেকে অপ্রশস্ত রাস্তায় বেচারা পথচারীদের গায়ের উপরেই কখনও হুমড়ি খেয়ে পড়ছে যানবাহন। রীতিমতো পুরকর দিয়েও নিজেদের অধিকারে সুস্থ সুরক্ষিতভাবে পথ চলার অধিকার খোয়াচ্ছেন মালদহ শহরের অনেক নাগরিকই।

Advertisement

ফুটপাথ থেকে রাস্তা দখল হয়ে যাওয়ার সমস্যা জনাকীর্ণ ইংলিশবাজার শহরের ব্যস্ততম এলাকাগুলিতে আরও বেশি প্রকট হয়ে উঠছে নিত্যদিনই। ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। সুরাহা কোন পথে? সেই প্রশ্নও ছুঁড়ে দিচ্ছেন আমজনতা।
পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও। তিনি বলেন, এই সব অস্থায়ী দোকান রাস্তা জবরদখল করে ব্যবসা করে যাচ্ছে দিনের পর দিন। পুরসভার জল থেকে রাস্তা-সব পরিষেবাই ভোগ করছেন ওই বিক্রেতারা। কিন্তু পুরসভার ভাঁড়ারে আসছে না কিছুই। সাধারণ মানুষও নাকাল হচ্ছেন রোজরোজ। বিষয়টি  নিয়ে আমরা ইতিমধ্যেই জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছি। প্রশাসনের সঙ্গে বৈঠক করে একটা ব্যবস্থা করতেই হবে। বিষয়টি নিয়ে পদক্ষেপও করা হচ্ছে।
একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া বিশেষত খাবারের দোকানগুলির খাদ্যসামগ্রীর মান নিয়েও। পুরসভার চেয়ারম্যানের বক্তব্য, বিক্রি করা খাবার নিরাপদ কিনা তা দেখে খাদ্যসুরক্ষা দপ্তর। এবিষয়ে আমাদের হাতে খুব একটা কিছু নেই।
খাদ্যসুরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিক প্রশান্ত বৈদিক বলেন, ফুটপাত বা রাস্তায় থাকা দোকানগুলি থেকে বিক্রি হওয়া খাবারের মান পরীক্ষা করে দেখতে অভিযান নিশ্চয়ই হবে। তার আগে আমরা পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ আলোচনা করে নেব।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ