Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্কিংয়ের ব্যবস্থা ছাড়াই পর পর শপিং মল যানজটে জেরবার পিডব্লুডি রোড, গাড়ি নিয়ে দুর্ভোগ

পার্কিংয়ের ব্যবস্থা ছাড়াই পর পর শপিং মল যানজটে জেরবার পিডব্লুডি রোড, গাড়ি নিয়ে দুর্ভোগ
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাস্তার ধারে তৈরি হয়েছে একের পর এক শপিং মল। উপচে পড়ছে ভিড়। অথচ, পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে ডানলপ থেকে দক্ষিণেশ্বরগামী পূর্তদপ্তরের রাস্তায় ধারে অবৈধ পার্কিং করতে বাধ্য হচ্ছেন শহরবাসী। বিকেলের দিকে তা মারাত্মক আকার নিচ্ছে। ফলে বহু ক্ষেত্রে যানজটও তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিয়মিত জরিমানা আদায় করছে পুলিস। এতে শহরবাসী ক্ষুব্ধ। অবিলম্বে পার্কিংয়ের জায়গা তৈরির দাবি জানিয়েছেন তাঁরা। পুরসভার তরফেও বিষয়টি নিয়ে পুলিসের সঙ্গে আলোচনা করে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানলপ মোড় থেকে দক্ষিণেশ্বরগামী পিডব্লুডি রোড একটি সদাব্যস্ত রাস্তা। এই রাস্তার উপর জাতীয় সড়কের ফ্লাইওভারও শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে ডানলপ মোড় থেকে আলমবাজার মোড় হয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি বালি ব্রিজ দিয়ে বের হয়। শুধু তাই নয়, দক্ষিণেশ্বর মন্দিরের হাজার হাজার ভক্তও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অথচ, এই রাস্তায় কয়েকবছর ধরে বালির গাড়ি দাঁড়িয়ে থাকে। সেইসব গাড়ির স্টক পয়েন্ট ফ্লাইওভারের নীচের ফাঁকা জায়গা। রাস্তায় বালি ছড়িয়ে থাকে। দীর্ঘ বছরের এই সমস্যার উপর নতুন সমস্যা হিসেবে উঠে এসেছে নতুন তৈরি একাধিক শপিং মল। এসব মল একেবারে পিডব্লুডি রোড লাগোয়া। অথচ, সেগুলিতে পার্কিংয়ের কোনও ব্যবস্থা নেই। ফলে বহু শহরবাসী মলে এসে পিডব্লুডি রোডের উপরই গাড়ি পার্কিং করছেন! 
সব মিলিয়ে ফুটপাতও দখল হয়ে গিয়েছে। বিকেল হলেই রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। যানজটে নাজেহাল হচ্ছে মানুষ। পুলিসও কড়া পদক্ষেপ করছে। রাস্তায় দাঁড়ানো গাড়ি চিহ্নিত করে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে। ডানলপ ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে তিন হাজারের বেশি কেস দেওয়া হয়েছে। 
কামারহাটির বাসিন্দা সরোজ দত্ত বলেন, মাসখানেক আগে শপিং মলে গিয়েছিলাম। রাস্তার উপর গাড়ি রাখায় পুলিস কেস দিয়েছিল। মোটা টাকা ফাইন দিতে হয়েছে। পুলিসের কাছে জানতে চেয়েছিলাম, পার্কিংয়ের জায়গা দেখিয়ে দিন, সেখানে গাড়ি রাখব। কিন্তু পুলিস তা দেখাতে পারেনি। স্বভাবতই বহু মানুষ সমস্যায় পড়ছে। অবিলম্বে পার্কিং তৈরি করা উচিত। 
বরানগর পুরসভার সিআইসি (স্বাস্থ্য) রামকৃষ্ণ পাল বলেন, শপিং মলে আসা সাধারণ মানুষ রাস্তার উপর গাড়ি রাখছে। তাতে যানজট তৈরি হচ্ছে মাঝেমধ্যেই। পার্কিং না-থাকায় সমস্যা তৈরি হচ্ছে। ডানলপ ট্রাফিক গার্ড ও দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানানোর পাশাপাশি বিধায়ককেও বিষয়টি জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ