নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুঃস্থ প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী অশোকনগরের সুহৃদ সঙ্ঘ। রবিবার ক্লাব সংলগ্ন ফাঁকা জায়গায় একটি শপিং মল তৈরি করা হয়। সেখানে গরিব, প্রতিবন্ধী শিশুরা নিজেদের পছন্দমতো পোশাক সংগ্রহ করে। পোশাকের বিল মেটায় ক্লাবই। শপিং মলে একদিকে যেমন ছিল জিন্স-টপ, অন্যদিকে পাঞ্জাবি। এখানেই শেষ নয়। ছিল দুপুরের খাওয়া, সঙ্গে বাউল গান। এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুপি মজুমদার, ক্লাবের সম্পাদক সুপ্রিয় দাস, পুজো কমিটির সভাপতি স্বপন দেব প্রমুখ।



