Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সখেরবাজারে সাতসকালে শ্যুটআউট, পাড়ার যুবকের ‘দুষ্কৃতী’ যোগ! চরম আতঙ্ক

একই পাড়ার বাসিন্দা। প্রতিদিন দেখা হয়। সামনেই দোকান রয়েছে। সেখানেই ব্যবসা করে। নিরীহ বলেই পরিচিত। এহেন একজন প্রকাশ্য রাস্তায় গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালালেন কীভাবে?

সখেরবাজারে সাতসকালে শ্যুটআউট, পাড়ার যুবকের ‘দুষ্কৃতী’ যোগ! চরম আতঙ্ক
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই পাড়ার বাসিন্দা। প্রতিদিন দেখা হয়। সামনেই দোকান রয়েছে। সেখানেই ব্যবসা করেন। নিরীহ বলেই পরিচিত। এহেন একজন প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে গৃহবধূকে খুনের ছক কষলেন কীভাবে? তাঁর সঙ্গে ‘সুপারি কিলারের’ যোগাযোগ কীভাবে? পরকীয়া সম্পর্ক ছিন্ন করায় বধূকে খুনের চেষ্টার ঘটনায় একাধিক প্রশ্ন ঘুরছে সখেরবাজারে। কালীপদ মুখার্জি রোডের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে। প্রতিবেশীদের দাবি মতো, ‘আপাত নিরীহ’ বাবলু ঘোষ কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তার খোঁজে নামে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাবলুর মুরগি ব্যবসা রয়েছে। কোনও অপরাধের রেকর্ড নেই। ধৃত বাবলুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাপ্পা দাসের খোঁজ পায়। তাঁকেই খুনের সুপারি দিয়েছিল বাবলু। আরও জানা যায়, বিনু নামে একজনের থেকে এই আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল বাপ্পা। বিনুর মৃত্যুর পর থেকে তা থাকত বাপ্পার কাছেই। সেই বন্দুক দিয়েই এদিন খুনের চেষ্টা হয়। এমন দুষ্কৃতীর সঙ্গে বাবলুর যোগাযোগের কথা জানতে পেরে হতবাক স্থানীয়রা। 

Advertisement

আক্রান্ত গৃহবধূ মৌসুমি হালদারের প্রতিবশী এক মহিলা বলেন, ‘আমাদের পাড়ায় কোনওদিন গুলি চলেছে বলে শুনিনি। এখানে বিয়ে হয়ে এসেছি প্রায় ৩০ বছর হয়ে গেল। কিন্তু, এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল। অত্যন্ত আতঙ্কে রয়েছি।’ 
অন্যদিকে, গুলি চালানোর পর বাবলু নিজের বাড়ি ফেরত যান। সেখান থেকে জিনিসপত্র নিয়ে একটি ভাড়া গাড়ি করে পালাচ্ছিলেন। প্ল্যান ছিল, হাওড়ার পাঁচলায় মেয়ের শ্বশুরবাড়িতে গা ঢাকা দেওয়া। স্থানীয়দের থেকে গাড়ির মালিকের খোঁজ করে হরিদেবপুর থানার পুলিশ। ছদ্ম পরিচয়ে গাড়ির মালিককে ফোন করেন তদন্তকারীরা। তিনি জানান, গাড়ি আপাতত নেই, হাওড়ার পাঁচলায় গিয়েছে। সেই গাড়ির নম্বর জেনে পুলিশ ট্র্যাক করতে থাকে। যে গাড়ি নিয়ে চম্পট দিয়েছিল বাবলু, হেস্টিংস মোড়ের কাছে নম্বরপ্লেট চিহ্নিত করে গাড়িটি আটক করা হয়। দেখা যায়, ভিতরেই বসে বাবলু। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ