নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ দীর্ঘদিনের একটি প্রজেক্ট। সব রকম গবেষণা করে শ্যুটিং শুরু করেছেন পরিচালক। সূত্রের খবর, ছবির প্রথম অংশের শ্যুটিং শেষ। আগামী মাসে দ্বিতীয় অংশের কাজ শুরু করবেন তিনি। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর কাপুর। এই পৌরাণিক ছবিতে তাঁকেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আপাতত ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর। তার মধ্যেই চলছে ‘রামায়ণ’-এর প্রস্তুতিও। একসঙ্গে দুটো প্রজেক্টে সাধারণত কাজ করতে চান না নায়ক। কিন্তু পরের মাসে এই দুটি ছবিরই শ্যুটিং হতে পারে বলে খবর।



