দেরাদুন, ১৪ অক্টোবর: শহরের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ। বহু মানুষের আনাগোনা লেগেই থাকে, অনেকের কাছে এটি প্রিয় আস্তানাও। বাইরে থেকে ছবিটা বেশ ঝকঝকে হলেও, ভেতরে কী চলছে! দেরাদুনের অন্যতম পরিচিত এই ডুন ক্লাবের কিচেন বা রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে পচা মাংস, পচা সবজি-সহ ইঁদুরে খাওয়া খাবারও। ময়লা উপচে পড়ছে ডাস্টবিন থেকে। সেই ছবি সামনে আসতেই আঁতকে উঠছেন গ্রাহকরা।
স্বাস্থ্যসচিব বিনয় শঙ্কর পান্ডের নির্দেশের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। রেস্তোরাঁগুলিতে খাদ্য সুরক্ষা বিধি সঠিকভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ডিএলএসএ এবং খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে একটি যৌথ অভিযান চালানো হয়। সেখানেই দেখা যায়, রান্নাঘর ও মশলার আলমারিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা-ইঁদুর! ফ্রিজার থেকে পাওয়া গিয়েছে বাসি ভাত, বাসি মাংস-সহ প্রায় এক সপ্তাহ পুরানো মোমো ও চাউমিনের উপকরণও। মিলেছে পচা সবজি।
এই ঘটনার পরেই মঙ্গলবার করণপুরের ডুন ক্লাবের ‘হান্ডি’ রেস্তোরাঁটিকে বন্ধ করে দেওয়া হয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সতর্ক করে ১৪ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি করার নোটিশও ধরানো হয়েছে। যদি এই অনিয়মগুলি না শোধরানো হয়, তবে প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে কলকাতাতেও একই ছবি দেখা যায়। শহরের একাধিক রেস্তোরাঁর কিচেন থেকে উদ্ধার করা হয়েছিল কেজি কেজি পচা মাছ-মাংস। কোথাও আবার পাওয়া গিয়েছিল খাবারে মেশানো রং-পচা সবজি। সেই ছবি এবার দেখা গেল উত্তরাখণ্ডের দেরাদুনে। তবে তৎপর প্রশাসনও। নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।



