‘ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে নই’, জোটে না থেকে স্বাধীনভাবে লড়ার বার্তা দীপকের
  • ১৪ অক্টোবর, ২০২৬ ১২:০৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১৪ অক্টোবর: কংগ্রেস কিংবা ইন্ডিয়া ব্লকের অংশ না হয়ে স্বাধীনভাবে লড়ার বার্তা দিলেন সিজেপি চেয়ারম্যান অভিজিৎ দীপকে। তবে তারা ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে নন, তাও সাফ জানিয়ে দিয়েছেন এই ককরোচ নেতা।

Advertisement

গতকাল আইসা নেত্রী নেহা বোরাকে দেখা যায় ইন্ডিয়া ব্লকের সাংবাদিক বৈঠকে। এর আগেও কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন তিনি। সাম্প্রতিককালে নেহা বোরার ক্রমবর্ধমান জনপ্রিয়তাও বেশ চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, ইন্ডিয়া ব্লকে বর্তমানে মধ্যমণি এখন তিনিই।

বুধবার অভিজিৎ দীপকে-কে প্রশ্ন করা হয়, রাহুল গান্ধী নেহা বোরাকে সামনে এগিয়ে দিচ্ছেন অভিজিৎ দীপকে-কে কাউন্টার করার জন্য? উত্তরে তিনি বলেন, ‘এমন কিছুই নয়। আমরা যাঁরা প্রতিবাদ করছি, আমাদের সবার লক্ষ্য একই।’ দীপকে আরও বলেন, ‘আমরা ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে নই। তারাও যে দাবিতে আন্দোলন করছে, আমরাও একই দাবিতে সোচ্চার। তবে সিজেপি সবসময় একটি স্বাধীন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই কাজ করবে।’

আজ সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে ৫ দিনের জেল হেফাজতে তিহাড়ে পাঠানো হয়েছে। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে দীপকে বলেন, ‘যন্তর মন্তরে তিরঙ্গা নিয়ে ঢুকলে ৫ দিনের জেল হেফাজত! এই দৃশ্য আমরা দেশে জরুরি অবস্থাতেও দেখিনি। একটু সাহস দেখান প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা চালু করতেই হলে আনুষ্ঠানিকভাবে করুন।’ অন্যদিকে সিজেপি নেতা অজিঙ্ক সিন্ধে বলেন, ‘এই সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের সবাইকে একজোট হয়ে এর প্রতিবাদ করতে হবে।’