Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ইউএস ওপেনে শুরুতেই ইন্দ্রপতন, লড়েও বিদায় অসুস্থ জোকারের

পঞ্চম সেটের খেলা তখনও চলছে। প্রবল আর্দ্রতায় অসুস্থ হয়ে দ্বিতীয়বার বমি করা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ তিনি।

ইউএস ওপেনে শুরুতেই ইন্দ্রপতন, লড়েও বিদায় অসুস্থ জোকারের
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: পঞ্চম সেটের খেলা তখনও চলছে। প্রবল আর্দ্রতায় অসুস্থ হয়ে দ্বিতীয়বার বমি করা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ তিনি। খানিক বিশ্রাম নিয়ে ফের নেমে পড়লেন কোর্টে। কিন্তু বিদ্রোহী শরীরকে পারলেন না বাগে আনতে। আরও তিনবার বমি করলেন এই পর্বে। একসময় হতাশায় কেঁদেই ফেললেন নোভাক জকোভিচ। কিছুক্ষণের মধ্যে থেমেও গেল তাঁর দৌড়। আর্জেন্তিনার মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সার্বিয়ান মহাতারকা। ফ্লাশিং মিডোয় টুর্নামেন্টের শুরুতেই ইন্দ্রপতন!

Advertisement

অনুরাগীদের চোখেও তখন জলের ধারা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনামি নাভোনের কাছে ৬-৭ (৫-৭), ৭-৫, ৬-৪, ২-৬, ১-৬ বশ মানলেন ৩৯ বছরের জকোভিচ। দীর্ঘ কেরিয়ারে মাত্র দ্বিতীয়বারের জন্য প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। গত দু’দশকে (২০০৫ থেকে) মোট ৮২টি গ্র্যান্ড স্ল্যাম আসরে খেলেছেন জোকার। তার মধ্যে ৮০ বারই অবলীলায় টপকেছেন প্রথম রাউন্ডের গণ্ডি। ২০০৬ সালে শেষ বার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচে থেমেছিল সার্বিয়ান মহাতারকার দৌড়। ২০ বছর পর মরশুমের শেষ মেজর টুর্নামেন্ট থেকে একইভাবে ছিটকে গেলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আর তার কারণ অবশ্যই ফিটনেস সমস্যা। ৩৯ বছর বয়সে সেটা অস্বাভাবিকও নয়। গত দু’বছরে একাধিক আসরেই তার প্রমাণ মিলেছে। বিশেষ করে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্লান্তি ও ধকলের কাছে ফিকে হয়েছে তাঁর টেকনিক ও দক্ষতা। এদিন নীল হার্ড কোর্টে তৃতীয় সেট পর্যন্ত স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাওয়া গিয়েছে জোকারকে। কিন্তু এর পরেই ছন্দপতন। আমেরিকার গরমে ক্রমশ কাবু হয়ে পড়েন তিনি। ইন্ডোর স্টেডিয়ামের ছাদ ঢেকে দিলেও তাঁর অস্বস্তি কমেনি। ক্রমাগত বমি করতে থাকেন তিনি। চেয়ার আম্পায়ারকে এয়ার কন্ডিশন চালানোর আবেদন করেন জোকার। শেষ সেটে তো কোর্টেই শুশ্রুষা করাতে হয় তাঁকে। ফের উঠে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন জকোভিচ। পরে বলেন, ‘এ বছর বেশ কয়েকটি টুর্নামেন্টে এমন সমস্যায় পড়তে হয়েছে। অত্যন্ত গুরুতর সমস্যা। বমি করার ফলে শরীর ছেড়ে দিচ্ছে। বিষয়টাকে আর হালকাভাবে নেওয়া যাবে না। ইউএস ওপেন থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি।’ জোকারের বিদায়ে ফিকে হল টুর্নামেন্টের রং। কারণ চোটের জেরে এবার খেলছেন না জানিক সিনার।
জকোভিচের বিদায়ের দিয়ে অনায়াসে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন ড্যানিল মেডভেডেভ। সপ্তম বাছাই রুশ তারকা ৬-৪, ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন ফ্রন্সের হুগো গ্যাসটনকে। মহিলাদের সিঙ্গলসে এলিনা ভিতোলিনা ৬-১, ৬-২ সেটে হারিয়েছেন আর্জেন্তিনার সোলানা সিয়েরাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ