মুম্বইতে গায়ক শানের আবাসনে মঙ্গলবার আগুন লাগল। পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় একজন জখম হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে ওই আবাসনের সাততলায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের ১০টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। ৮০ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও শান ও তাঁর পরিবারের কেউ এই ঘটনায় আহত হননি। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা ঠিক আছি। আমাদের আবাসনের সাততলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমন ভয়াবহ ঘটনা কয়েকটি কথায় বোঝানো সম্ভব নয়।’ তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য মুম্বই পুলিস ও দমকল বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন শান।



