নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পক্ষেত্রের জন্য নির্ধারিত ডিসেম্বর মাসের কনজিউমার প্রাইস ইনডেক্স বা মূল্যসূচক অবশেষে প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের ডিসেম্বরে তা দাঁড়াল ১৪৩.৭। গত নভেম্বরে তা ছিল ১৪৪.৫। যাঁরা শিল্প সংস্থায় কাজ করেন, তাঁদের জন্য আলাদা করে যে সূচক প্রকাশ করা হয়, তা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স সিপিআই নামে পরিচিত। শ্রমমন্ত্রকের আওতায় থাকা লেবার ব্যুরো এই ‘সিপিআই-আইডব্লু’ প্রকাশ করে প্রতি মাসে। এই সূচকের উপর নির্ভর করে বিভিন্ন বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষিত হয়। প্রতি মাসের সূচক প্রকাশিত হয় তার পরের মাসের শেষে। সেই মতো ডিসেম্বরের সূচক প্রকাশিত হওয়ার কথা ছিল জানুয়ারির শেষে। কিন্তু কেন্দ্র তা প্রকাশ করেনি। এনিয়ে নানা মহল থেকে প্রতিবাদ জানানো হয়। অবশেষে সূচক প্রকাশিত হল।



