Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ভূতুড়ে ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি যাবে তৃণমূল

শিলিগুড়িতে ভূতুড়ে ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি যাবে তৃণমূল
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে ‘ভুতূড়ে’ ভোটারের খোঁজে নামছে তৃণমূল কংগ্রেস। তারা এজন্য সচিত্র ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি অভিযান করবে। সোমবার তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে মার্চের মধ্যে বুথ কমিটি ঢেলে সাজানো এবং অঞ্চল ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। দলের শাখা সংগঠনগুলিকেও গা ঘামানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছাব্বিশের ভোটের আগে তাদের এমন কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 
Advertisement
তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা নিয়ে সমীক্ষা ও দলের ভিত মজবুত করা সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে সিদ্ধান্তগুলি কার্যকর করা হবে। 
রাজ্যের অন্যান্য প্রান্তের মতো শিলিগুড়িতেও তৃণমূলের সর্বস্তরের কমিটিতে রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। এমন প্রেক্ষাপটে সোমবার শহরের একটি হোটেলে দলের জেলা কমিটির বর্ধিত সভা হয়। সভায় দলের জেলা সভানেত্রী ছাড়াও দলীয় চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দলের মুখপাত্র বেদব্রত দত্ত, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রমুখ ছিলেন। 
দলীয় সূত্রের খবর, সভায় ওয়ার্ড, ব্লক, অঞ্চল কমিটির এবং যুব, মহিলা, শিক্ষক সহ বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি মিলিয়ে প্রায় চারশোজন ছিলেন। সেখানেই সচিত্র ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়। জেলা সভানেত্রী বলেন, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভোটার তালিকায় ভুতূড়ে নাম ঢোকানো হয়েছে। তাঁর নির্দেশ মতোই ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব। বুথস্তরে পাঁচ থেকে সাতজন করে কর্মীর একটি করে টিম গঠন করা হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি তালিকা নিয়ে ক্যাম্পও করা হবে। এরপর সংশ্লিষ্ট টিমের রিপোর্টের ভিত্তিতে তালিকা থেকে ভুয়ো নাম কাটানোর দাবিতে আন্দোলনে নামা হবে। 
এছাড়াও, ওই সভায় আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। দলের এক নেতা জানান, মহকুমায় ১১’শোর বেশি বুথ। যা দলের ভিত। অথচ সেই বুথস্তরের অনেক সভাপতি ও কর্মী নিষ্ক্রিয়। যাঁদের একাংশ বয়স্ক ও অসুস্থ। নিষ্ক্রিয়দের সরিয়ে উদ্যোমী, রাজনীতি সম্পর্কে অবহিত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভাবমূর্তির যুবকদের সেই দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ৮ মার্চের মধ্যে এই কাজ শেষ করে বুথের সভাপতিদের নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ অঞ্চল ও ওয়ার্ড কমিটিকে দেওয়া হয়েছে। এরপর ১০ মার্চ থেকে ২২টি অঞ্চল ও ৪৭টি ওয়ার্ড কমিটির সম্মেলন শুরু হবে। তছাড়া দলের  জন্মলগ্নের নেতা-কর্মীদের সম্মান প্রদানের কর্মসূচিও নেওয়া হয়েছে। এরবাইরে ওই সভায় দলের আ‌ইনজীবী সেল সহ বিভিন্ন শাখা সংগঠনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
Advertisement
সম্পর্কিত সংবাদ