Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ির ইসকন রোডে দুর্ঘটনা, মহিলাকে পিষে দিল লরি, চাঞ্চল্য

শিলিগুড়ির ইসকন রোডে দুর্ঘটনা, মহিলাকে পিষে দিল লরি, চাঞ্চল্য
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ইসকন মন্দির রোডে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাইকের সাওয়ারি এক মহিলার। ওই মহিলার সঙ্গে থাকা পুলিসকর্মীর ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা পাল্টা পুলিসের উপর চড়াও হয়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে আশিঘর ফাঁড়ির এক পুলিসকর্মীর বাইকে চেপে মালতী রায় (৫৫) নামে ওক মহিলা বাণেশ্বর মোড়ের দিকে যাচ্ছিলেন। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে দু’জনই পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকের চালক বাঁ দিকে এবং মহিলা ডানদিকে পড়েন। সেসময় একটি ছয় চাকার লরি আসছিল। মহিলার মাথা পিষে দেয় লরিটি। এ ঘটনা দেখে উর্দি পরা ওই পুলিসকর্মী লরির পিছনে ধাওয়া না করে বাইক নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রাজেশপ্রসাদ শা, প্রাক্তন কাউন্সিলার সত্যজিৎ অধিকারী, ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। 
মালতী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। শিলিগুড়ি পুরসভার গত নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন, জানান বিধায়ক। রাজনীতির রং ভুলে রাজেশপ্রসাদ ও সত্যজিৎ মালতীর সঙ্গে তাঁদের সুসম্পর্কের কথা জানিয়ে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই পুলিসকর্মীর সঙ্গে মহিলা ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছিলেন। ওই পুলিসকর্মী সঙ্গে মহিলা অবৈধ সম্পর্ক ছিল। মালতী রায়ের প্রচুর সম্পত্তি। কিন্তু তার উত্তরাধিকার কেউ নেই। তাই এভাবে দুর্ঘটনায় মৃত্যুর পর ওই পুলিসকর্মীর পালিয়ে যাওয়া সন্দেহজনক। একই অভিযোগ করেন বিধায়ক। তাই তাঁরা ঘটনার তদন্ত করে ওই পুলিসকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 
ঘটনার বেশ কিছুক্ষণ বাদে ওই পুলিসকর্মী  গাড়ি করে আরও পুলিস নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এতে  উত্তেজিত জনতা অভিযুক্ত পুলিসকর্মীর উপর চড়াও হয়। উত্তেজিত জনতার হাত থেকে কোনওক্রমে বাঁচিয়ে তাঁকে আশিঘর ফাঁড়িতে নিয়ে যান অন্য কর্মীরা। পরবর্তীতে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায় পুলিস। 
পুলিস জানিয়েছে, লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে, চালকের সন্ধান চলছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, ইসকন মন্দির রোডে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। পুলিসকে হেনস্তার খবর নেই। তবে এক পুলিসকর্মীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে বলে শুনেছি। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। মারাত্মক জখম হয় শিশুর মা। ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং রাস্তা আলোকিত করার দাবি জানিয়ে বুধবার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেছিলেন। সেখানে মালতী রায়ও অংশ নিয়েছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে তিনি পথ দুর্ঘটনায় বলি হলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ