সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল স্বস্তিকা যুবক সঙ্ঘ। শনিবার সুপার ফোরের শেষ ম্যাচে অগ্রগামী সঙ্ঘকে ৫২ রানে পরাজিত করে স্বস্তিকা। দু’টি দলই দু’টি করে ম্যাচ জিতে এদিন শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এদিন জিতলেই চ্যাম্পিয়ন হবে, এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে স্বস্তিকা ৪১.৩ ওভারে ২৪৬ রান করে। অক্ষয় সাইনি ৯১ বলে ৯৮ ও পবন নবরওয়ানি ৩৫ বলে ৫৪ রান করেন। অগ্রগামীর আদিত্য শর্মা ( ৩৫ রানে ৪ উইকেট) বল করেন। জবাবে ব্যাট করতে নেমে অগ্রগামী ৪২ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করেন। দেবজ্যোতি ঘোষ (৪২) ছাড়া অগ্রগামীর আর কোনও ব্যাটসম্যান স্বস্তিকার বোলারদের বিরুদ্ধে সফল হতে পারেননি। স্বস্তিকার প্রিয়াংশু গৌতম ২৬ রানে তিনটি উইকেট নেন। এছাড়া অক্ষয় সাইনি ও রাজকমল প্রসাদ দু’টি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্বস্তিকার অক্ষয় সাইনি।



