নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের জারি করা ছুটির নোটিস ঘিরে ছড়িয়েছে বিতর্ক। বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে ঈদ-উল-ফিতরের ছুটি দু’দিন করা নিয়ে বিতর্ক তৈরি হয়। পুরসভার আওতাভুক্ত শুধুমাত্র হিন্দি মিডিয়াম স্কুলের পড়ুয়াদের জন্যই ছিল এই নোটিস। বাংলা মাধ্যমের পড়ুয়াদের বিশ্বকর্মা পুজোর ছুটি বদল করা হয়নি। কিন্তু স্বাভাবিকভাবেই এই অর্ডার ঘিরে বিতর্ক বাধে। তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুর কর্তৃপক্ষ। শিক্ষা বিভাগের জারি করা নোটিস বাতিল করা হয়। নোটিস কাণ্ডে শো-কজ করা হয়েছে পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধারাকে। তাঁকে অবিলম্বে কারণ দর্শাতে বলা হয়েছে। শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, এটা চিফ ম্যানেজারের এক্তিয়ারের বাইরে। পুরসভার ছুটির তালিকা তৈরি হয় রাজ্যের ছুটির তালিকা মেনে। সেটা বদল করার ক্ষমতা তাঁর নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পরেই পদক্ষেপ করা হয়েছে। অফিসারের থেকে কারণ জানার পর কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পুরসভার শিক্ষা বিভাগের একটি নোটিসকে ঘিরে ঘটনার সূত্রপাত। সেখানে বলা হয়, হিন্দি মাধ্যমে পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদ-উল-ফিতরের ছুটি দু’দিন করা হল। বিশ্বকর্মা পুজোর ছুটি সেখানে অ্যাডজাস্ট করে দেওয়া হল। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। যদিও পরে মঙ্গলবার রাতেই চিফ ম্যানেজার নিজের জারি করা নোটিস বাতিল করেন। কিন্তু ততক্ষণে সেই নোটিস হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিতর্কের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে চিফ ম্যানেজারকে শো-কজ করেন পুরসভার কমিশনার ধবল জৈন। তিনি প্রেস বিবৃতি দিয়ে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ওই নোটিস করা হয়েছিল। পুরসভা নোটিস সম্পর্কে কিছু জানত না। ওই নোটিস বাতিল করা হয়েছে।



