নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টক, এমনকী হাসপাতালের ওয়ার্ড থেকেও সরিয়ে ফেলতে হবে ১৭ ধরনের ওষুধ, স্যালাইন ও ইঞ্জেকশন। কেন্দ্র-রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনকারী দল স্বাস্থ্যদপ্তরে সরবরাহকারী এক নির্মাতার সমস্ত পণ্য উৎপাদন বন্ধ রাখতে বলেছে। ইতিমধ্যেই তাদের শোকজও করা হয়েছে। তারপরই রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজের সুপার তথা উপাধ্যক্ষকে এই চিঠি পাঠিয়েছে রাজ্য।
Advertisement
এদিকে, প্রথমে রিঙ্গার ল্যাকটেট তারপর এই সংস্থার পণ্যের গুণগত মান নিয়ে সংশয় তৈরি হওয়ায় স্বাস্থ্যদপ্তর যথেষ্ট সমস্যায় পড়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র এবং মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই এই সংস্থার প্রচুর এই ধরনের ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইন মজুত রয়েছে। সেসবই সরিয়ে ফেলতে হবে। এছাড়া বিকল্প সংস্থাকে সরবরাহের দায়িত্ব দেওয়ার জন্য টেন্ডার ডাকতে চেয়ে অর্থদপ্তরের কাছে দ্রুত অনুমোদন চাওয়া হয়েছে। ততদিন স্থানীয়ভাবে এইসব জরুরি ওষুধ কিনে পরিস্থিতি সামাল দিতে বলা হয়েছে। এজন্য যুদ্ধকালীন তৎপরতায় অর্থ বরাদ্দও করা হয়েছে বলে খবর। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের ওয়ার্ডে এখনও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন রয়েছে বলে শুক্রবার বিতর্ক হয়।



