নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবারের নুরপুরে জাহাজের ধাক্কায় ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তার। ক্ষতিগ্রস্ত নদীবাঁধের একটি বড়ো অংশও। বিদেশি জাহাজটি নদীর পাড়ে যেখানে ধাক্কা দেয়, তার পাশে সড়কে বিশাল ফাটল দেখা দিয়েছে। কিছু অংশ আবার ধসে গিয়েছে। সেটা মেরামতির জন্য জোরকদমে কাজ চালাচ্ছে সেচদপ্তর। এদিকে, বুধবার রাতেই তিনটি টাগ বোটের (আটকে পড়া বড়ো বড়ো জাহাজকে টেনে আনতে পারে) সাহায্যে ওই বিশালাকার জাহাজটিকে টেনে বের করে আবার মূল পথে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নুরপুর ফেরিঘাটের দিকে ঘুরে চলে আসে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজটি। নদীবাঁধের গায়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায় সেটি। সেই মুহূর্তে বোঝা না গেলেও পরে দেখা যায় যে, সেই নদীর পাড়ের রাস্তার মাঝখান থেকে চওড়া ফাটল দেখা দিয়েছে। কয়েক মাস আগেই এই রাস্তায় মেরামতির কাজ হয়েছিল। সেবারও একটি জাহাজ একইভাবে নদীর পাড়ে ধাক্কা দেয়। তখনও ক্ষয়ক্ষতি হয়েছিল। এদিকে, বুধবার রাতেই বৃষ্টির মধ্যে মেরামতির কাজে হাত লাগান সেচদপ্তরের কর্মীরা। আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও জোরকদমে চেষ্টা করে যান কর্মীরা। পরে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের অফিসাররা। সঙ্গে ছিলেন পোর্ট ট্রাস্টের বিশেষজ্ঞরা। তাঁরা খতিয়ে দেখেন দুর্ঘটনাগ্রস্ত এলাকা। সংস্থার মেরিন বিভাগের ডেপুটি ডিরেক্টর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, নুরপুরের কাছে থাকা বাঁক অত্যন্ত ‘ক্রিটিক্যাল’। প্রচণ্ড স্রোতে এই বাঁক নিতে সমস্যা হয় জাহাজগুলির। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। বিভিন্ন সংস্থাকে বিষয়টি নিয়ে বিস্তারিত সমীক্ষা করতে বলা হয়েছে।



