Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরের বাস স্টপ ও ডিপোয় বসবে রিয়েল টাইম ডিসপ্লে

শহরের বাস স্টপ ও ডিপোয় বসবে রিয়েল টাইম ডিসপ্লে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরের বিভিন্ন বাস স্টপ বা যাত্রী শেল্টার ও বাস ডিপোগুলিতে বসানো হবে ‘রিয়েল টাইম ডিসপ্লে’ বোর্ড। নতুন করে চালু হবে ‘পথসাথী’ অ্যাপও। এর ফলে কোন বাস কোন স্টপেজে কখন আসবে, বাস কোথায় রয়েছে পুরোটাই জানতে পারবেন যাত্রীরা। সে কারণে আজ, সোমবার কলকাতা পুরসভা, পরিবহণ দপ্তর, তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং লালবাজারের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। সে বৈঠকে রাজের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্য পুলিসের ডিজি ও তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমার, কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা উপস্থিত থাকবেন। পাশাপাশি, পুরসভার কমিশনার, পরিবহণ সচিব সহ কলকাতা পুরসভা এবং পরিবহণ দপ্তরের একাধিক আধিকারিকরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
Advertisement
শহরে যে সব বাস স্টপ বা যাত্রী শেল্টার রয়েছে, সেগুলি পুরসভা রক্ষণাবেক্ষণ করে। সাংসদ কিংবা বিধায়ক তহবিলের টাকায় তৈরি হয়েছে যেগুলি বা সাজানো হয়েছে, সেগুলি পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখভাল করে। যেগুলিতে বিজ্ঞাপন ব্যবহারের জায়গা রয়েছে, সেগুলি দেখভালের দায়িত্ব পুরসভার বিজ্ঞাপন বিভাগের। ইতিমধ্যেই বাস স্টপগুলির তালিকা তৈরি করে পরিবহণ দপ্তরকে দেওয়া হয়েছে। এক পুরকর্তা বলেন, বাস স্টপগুলি নতুন করে সংস্কার হবে। পথসাথী অ্যাপ ফের সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোন বাস কখন স্টপেজে আসবে, কোন বাস কোন রুটে চলে সবটাই অ্যাপের মাধ্যমে দেখা যাবে। রিয়েল টাইম ডিসপ্লে বোর্ড থাকার ফলে স্টপে কোন বাস কখন ঢুকবে, তা জানতে পারবেন যাত্রীরা। এ বৈঠকে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ