সংবাদদাতা, শিলিগুড়ি: শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া মনোভাব নিতে চলেছে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, পুরসভার কর্মীরা শহরের বাজার এলাকার রাস্তা সাফাই করে যাওয়ার পর ব্যবসায়ীরা আবর্জনা ফেলছেন। এতে শহরের বাজার এলাকায় থাকা রাস্তাগুলি নোংরা হয়ে থাকছে। বিষয়টি শহরের মেয়রেরও নজরে এসেছে। পুরসভার দাবি, শহর পরিষ্কার রাখতে দু’বেলা করে বাজার এলাকাতে সাফাই অভিযান চালানো হচ্ছে। তারপরও ব্যবসায়ীরা যদি সহযোগিতা না করেন সেক্ষেত্রে পুরসভা জরিমানার পথে হাঁটবে। মেয়র গৌতম দেব বলেন, পুরসভা শহরকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে শহরের বাজার এলাকাগুলিতে দু’বেলা সাফাই অভিযান চলে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, ব্যবসায়ীরা সেক্ষেত্রে সহযোগিতা করছেন না। রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় সারাদিনের নোংরা তাঁরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে যাচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের চিহ্নিত করে জরিমানা করার কথা ভেবেছি।
Advertisement
শিলিগুড়ি শহরের বাজার এলাকাগুলি পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের কাছে বারবার আবেদন জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। তারপরও ব্যবসায়ীরা পুরসভার সাফাই অভিযানে সহযোগিতা করছেন না। মেয়র বলেন, তাই এবার বাজার এলাকাগুলিতে সিসি ক্যামেরায় নজরদারি চালাবে পুরসভা। দেখা হবে রাতে দোকান বন্ধে করে যাওয়ার সময় কারা রাস্তায় আবর্জনা ফেলছে। সেই মতো ব্যবসায়ীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে জরিমানা করা হবে। ব্যবসায়ীদের পাশাপাশি শহরের পাড়া এলাকাতেও বহু নাগরিক তাঁদের বাড়ির বর্জ্য পুরসভার সাফাই কর্মীদের গাড়িতে দিচ্ছেন না। ইচ্ছেমতো রাস্তায় ও নর্দমার মধ্যে ফেলছেন। এবার এব্যাপারেও পুরসভা নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। এনিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা প্রচার করা হবে বলে জানিয়েছেন মেয়র।



