সংবাদদাতা, বসিরহাট: দুয়ারে সরকার অনুষ্ঠানে শেখ শাহজাহানের নাম উল্লেখ করা একটি গান বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়াল সন্দেশখালির জেলিয়াখালিতে।
Advertisement
শুক্রবার দুপুরের ওই ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করেছে পুলিস। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেন, স্থানীয় একটি স্কুলে দুয়ারে সরকার প্রকল্প চলছিল। একদল লোক শেখ শাহজাহানের নামে মাইকে গান বাজাচ্ছিল। সরকারি অনুষ্ঠানে ওই গান বাজানো যাবে না বলে প্রতিবাদ করলে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির জেলিয়াখালি গ্রামের একটি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল। বিকেল তিনটে নাগাদ তৃণমূলের এক গোষ্ঠীর কয়েকজন মাইকে শেখ শাহজাহানের নামে গান বাজানো শুরু করে। অন্য গোষ্ঠী প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি লেগে যায়। ওই সময়ে দু’পক্ষকে বাঁশ, লোহার রড হাতে একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়। গণ্ডগোলে কয়েকজন আহত হন। পুলিস ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিপিএম নেতা তথা সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, সন্দেশখালির মানুষ এখন বুঝতে শিখেছে একজন সন্ত্রাসী ও অত্যাচারী মানুষের গান শুনতে আর চাইছে না। বিজেপির বসিরহাট জেলার যুব সভাপতি পলাশ সরকার বলেন, গ্রেপ্তারের পরেও একজন দুর্নীতি পরায়ন তৃণমূলের নেতাকে স্মরণ রাখার জন্য সরকারি প্রকল্পের মতো নিরপেক্ষ জায়গায় এই ধরনের গান বাজাতে পারে তা ভাবা যায় না। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিসের ব্যবস্থা নেওয়া উচিত।



