Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে শেফার্ডের হ্যাটট্রিক, সহজে জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রত্যাশার চেয়ে অনেকটাই বেশি। প্রায় কুড়ি হাজারের কাছাকাছি। তাও কিনা ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ডের লড়াই দেখতে।

ইডেনে শেফার্ডের হ্যাটট্রিক, সহজে জিতল ওয়েস্ট ইন্ডিজ
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বেরা, কলকাতা: প্রত্যাশার চেয়ে অনেকটাই বেশি। প্রায় কুড়ি হাজারের কাছাকাছি। তাও কিনা ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ডের লড়াই দেখতে। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৩৫ রানে জয়ের দিনে লেটার মার্কস সহ পাশ করল ইডেনও। শুক্রবার গ্যালারিতে হাজির ছিলেন ১৮ হাজার ১১৪ জন দর্শক। সংখ্যাটা জানার পর আহ্লাদিত সিএবি কর্তা বললেন, ‘একবার ভাবুন, সুপার এইটে ভারত খেললে কী হবে!’

Advertisement

অন্য কারণও দেখছে ক্রিকেট মহল। আসলে আইপিএলের টিকিট মহার্ঘ্য। আন্তর্জাতিক ম্যাচও খুব বেশি হয় না। তাই শীতের আমেজ গায়ে মেখে পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্বকাপ আবহে ইডেন দর্শন অনেকের কাছেই রথ দেখা কলা বেচার মতোই। তাও কিনা মাত্র ১০০-২০০ টাকার বিনিময়ে। কখনও কখনও ফ্লপ সিনেমাতেও কিছু দৃশ্য মনে গেঁথে যায়। বাউন্ডারির ধারে বাজপাখির মতো ছোঁ মেরে হেটমায়ারের এক হাতে নেওয়া দুর্দান্ত ক্যাচ সেরকমই। শেষ পাতে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিক সহ একই ওভারে চার উইকেটই বা কম কীসের। ৩৫ রানে জিতল ক্যারিবিয়ানরা। তবে বাংলাদেশের পরিবর্তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া স্কটল্যান্ডের লড়াইকেও অনেকেই কুর্নিশ জানালেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা যেভাবে করেছিল, তাতে দুশোর গণ্ডি পেরিয়ে যাওয়া কঠিন ছিল না। কিন্তু চার রানের ব্যবধানে ব্রেন্ডন কিং ও সাই হোপ ফিরতেই ক্যারিবিয়ানদের রানের গতি মন্থর হয়ে পড়ে। একমাত্র শিমরন হেটমায়ার ছিলেন মেজাজে। ৩৬ বলে তাঁর সংগ্রহ ৬৪। জবাবে একটা সময় স্কটল্যান্ড বেশ চাপে ফেলে দিয়েছিল ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। জোরালো হচ্ছিল অঘটনের সম্ভাবনা। ২৪ বলে স্কটিশদের দরকার আরও ৫১। কিন্তু দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন রোমারিও শেফার্ড। ১৭তম ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি চারটি উইকেট নেন। তাঁর মোট শিকার সংখ্যা পাঁচ। আর মাথা তুলতে পারেনি স্কটল্যান্ড (১৪৭)।

Advertisement
সম্পর্কিত সংবাদ