সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রীষ্ম-বর্ষায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের স্বার্থে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের চণ্ডীপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে শেড ও রাস্তা নির্মাণ করছে হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই শেড ও রাস্তা নির্মাণ করা হচ্ছে। এখন শেড নির্মাণের কাজ চলছে। হাসপাতাল চত্বরে শেড ও রাস্তা তৈরি হওয়ায় খুশি সাধারণ মানুষ।
২৮ শয্যার এই হাসপাতালে পাঁচজন চিকিৎসক ছাড়াও ১২ জন নার্স আছেন। রয়েছে একাধিক বিভাগ। বীরশিবপুর, কুলগাছিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। হাসপাতালে এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হলে হয় তেতেপুড়ে যেতে হয়, না হয় বৃষ্টিতে ভিজতে হয় রোগী ও তাঁদের আত্মীয়দের। তাঁদের অপেক্ষাও করতে হয় খোলা আকাশের নীচে। এই সমস্যার সমাধানে হাওড়া জেলা পরিষদ হাসপাতাল চত্বরে শেড নির্মাণের পাশাপাশি রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেয়। জেলা পরিষদের সদস্য দুলাল করা বলেন, শেড না থাকায় গ্রীষ্ম ও বর্ষায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়দের নানা সমস্যা হতো। অসুবিধায় পড়তেন হাসপাতালের কর্মীরাও। এই সমস্যার সমাধানে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের পরামর্শে জেলা পরিষদ এই কাজে হাত দিয়েছে। হাসপাতাল চত্বরের থাকা রাস্তা নিচু হওয়ায় বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে। সেই রাস্তাকে নতুন করে উঁচু করা হচ্ছে। শেড তৈরির কাজ শেষ হলেই রাস্তা নির্মাণের কাজ শুরু হবে বলে দুলালবাবু জানিয়েছেন।
হাসপাতালে শেড ও রাস্তা নির্মাণের উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিবারের লোকজন। তাঁদের মতে, রোদ-বৃষ্টিতে আমাদের খুব কষ্ট হতো। এবার আর সেই কষ্ট হবে না। পাশাপাশি রাস্তা উঁচু হলে আর আমাদের জল পেরিয়ে হাসপাতালে আসতে হবে না। - নিজস্ব চিত্র