নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহিলা সমৃদ্ধি যোজনা, লঘু ব্যবসায়ী যোজনা এবং এনএসএফডিসি প্রকল্পে ঋণ নিয়েও শোধ করেননি অনেক উপভোক্তা। শিবির করে সেই টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল তফসিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণি উন্নয়ন কর্পোরেশন। প্রথম পর্যায়ের সেই কাজের শেষে দক্ষিণ ২৪ পরগনায় উদ্ধার করা গিয়েছে এক কোটির বেশি টাকা।
Advertisement
জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অধীনস্ত এই কর্পোরেশন বিভিন্ন প্রকল্পের ঋণ দিয়ে থাকে। সময়ে সেই ঋণের অর্থ ফেরত দেওয়ার কথা উপভোক্তাদের। কিন্তু বিগত এক দশকের বেশির সময় ধরে অনেকেই সেই টাকা ঠিক মতো শোধ করেননি। এই তিনটি প্রকল্পে ঋণ পরিশোধের হার মাত্র ৩০-৩৫ শতাংশ। এতে সমস্যায় পড়েছে দপ্তর। কারণ টাকা শোধ না হলে আগামী দিনে ঋণ প্রদানকারী যে সব প্রকল্প রয়েছে, সেগুলি চালানো কঠিন হবে বলে মত আধিকারিকদের। তাই শিবির করে টাকা উদ্ধারে নামতে হয়েছে তাঁদের। তাতে অবশ্য কাজও হয়েছে। এই টাকা উদ্ধার করার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম পর্যায়ে ৩৬টি ক্যাম্প করা হয়েছিল। ব্লকস্তরে এই নিয়ে প্রচার করার পর ১৮৬টি গোষ্ঠী, যারা এই প্রকল্পের ঋণ নিয়েছিল, তারা তা শোধ দিয়েছে। সব মিলিয়ে সংগৃহীত হয়েছে ১ কোটি ৪ লক্ষ ৮৩ হাজার ৫৩২ টাকা। রাজ্যের মধ্যে আরও দু’টি জেলায় এক কোটির উপর ঋণের টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সেগুলি হল মুর্শিদাবাদ (১ কোটি ১০ লক্ষ) এবং পূর্ব মেদিনীপুর (১ কোটি ৩ লক্ষ)। দক্ষিণ ২৪ পরগনায় দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়েছে। এগুলি আগামী মাস পর্যন্ত চলবে। জেলা সূত্রের খবর, এখনও অনেক উপভোক্তার টাকা ফেরত দেওয়া বাকি রয়েছে। তাই আবারও নানা জায়গায় প্রচার করা হচ্ছে।



