ফের খল চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী পরিচালক সুকুমারের ছবিতে অভিনয় করবেন বাদশা। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে যাবতীয় আলোচনা সেরেছেন শাহরুখ। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির অভাবনীয় সাফল্যের পর অনেকেই সুকুমারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন। তবে পরিচালকের প্রথম পছন্দ শাহরুখই। পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ঘরানার একটি ছবি তৈরি করতে চলেছেন তিনি। গ্রামীণ পরিবেশের প্রেক্ষাপটে রচিত সম্পূর্ণ চিত্রনাট্য। এই ছবিতে খলনায়ক হিসেবে দেখা দেবেন শাহরুখ। জাত-শ্রেণিবিন্যাস সহ সামাজিক নানা ইস্যু তুলে ধরা হবে ছবিতে। যদিও এই ছবির কাজ শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে। বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। এই ছবির হাত ধরেই বড়পর্দায় ডেবিউ করবেন তাঁর মেয়ে সুহানা খান। অন্যদিকে, সুকুমারের হাতে রয়েছে রামচরণের সঙ্গে একটি ছবি। পাশাপাশি ‘পুষ্পা ৩’-এর কাজও শুরু হবে ২০২৭-এর শুরুতে। উল্লেখ্য, এর আগে দক্ষিণী পরিচালক মণি রত্নমের ‘দিল সে’ ও অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ ছবিতে কাজ করেছিলেন শাহরুখ। দু’টি ছবিই বক্স অফিসে দারুণ ফল করেছিল। ফলে সুকুমারের সঙ্গে তাঁর কাজ নিয়ে যে দর্শকমহলে আলাদা আগ্রহ থাকবে, তা বলাই বাহুল্য।



