Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল পার্টি অফিসে শঙ্করকে সংবর্ধনা, গরহাজির অনেকেই

শনিবার শিলিগুড়িতে পার্টি অফিসে সংবর্ধনার পর একথা বলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার।

তৃণমূল পার্টি অফিসে শঙ্করকে সংবর্ধনা, গরহাজির অনেকেই
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলায় তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস। শনিবার শিলিগুড়িতে পার্টি অফিসে সংবর্ধনার পর একথা বলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। একইসঙ্গে বলেন, বাংলার মাটিতে বিজেপিকে রুখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। এজন্য আরও অনেকে তৃণমূলে শামিল হবে বলেই আশা করছি। তবে এদিনের অনুষ্ঠানে তৃণমূলের অনেক জেলা নেতা না থাকায় গুঞ্জন শুরু হয়েছে। 

Advertisement

শিলিগুড়ি তো বটেই উত্তরবঙ্গের ডানপন্থী নেতাদের মধ্যে শঙ্কর অন্যতম। দু’দিন আগে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলের ঝান্ডা ধরেন। তিনি দীর্ঘদিন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতির পদ সামলেছেন। দু’বার মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক ছিলেন। বুধবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে শামিল হন। শুক্রবার কলকাতা থেকে শিলিগুড়িতে ফেরেন। এদিন দলের পার্টি অফিসে তাঁকে সংবর্ধনা দেয় তৃণমূলের দার্জিলিং জেলা কমিটি (সমতল)। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ, রাজ্য কমিটির নেতা অলোক চক্রবর্তী, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ শহর ও গ্রামের ব্লক কমিটির এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। 
দলের ভারপ্রাপ্ত সভানেত্রী বলেন, শিলিগুড়ির অভিজ্ঞ নেতা শঙ্করবাবু। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো। তিনি আসায় দল কিছুটা হলেও শক্তিশালী হল। ওঁর অভিজ্ঞতাকে কাজে লাগাব। শঙ্করবাবু বলেন, এতদিন মানুষের জন্য কোনও কাজ করতে পারিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এবার মানুষের জন্য কাজ করতে চাই। তাই তৃণমূলে এসেছি। বিজেপিকে রুখতে পারবে তৃণমূলই। 
এদিকে, এদিন শঙ্করবাবুর সংবর্ধনা সভায় জেলা তৃণমূলের অনেক নেতাই গরহাজির ছিলেন। এনিয়ে দলের অন্দরেই উঠেছে গুঞ্জন। রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এবার তৃণমূলে দ্বন্দ্ব আরও বাড়তে পারে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, দীর্ঘদিনের ওই কংগ্রেস নেতা যোগ দেওয়ায় দলের পক্ষে ভালো হয়েছে। কলকাতায় থাকায় ওই অনুষ্ঠানে যেতে পারিনি। তবে সকলের সঙ্গে কথা হয়েছে। দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি। তাই ওই অনুষ্ঠানে যেতে পারিনি। শঙ্করবাবু এসে দেখা করেছেন। তিনি শামিল হওয়ায় দলের ভালো হবে বলেই আশা করছি। দলের মুখপাত্র (সমতল) বেদব্রত দত্ত বলেন, ওই অনুষ্ঠান সম্পর্কে কিছু জানা নেই। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ