Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

কর্মীদের মনোবল বাড়তে ‘চায়ে-পে চর্চা’ শমীকের

এসআইআর নিয়ে কেউ আতঙ্কে নেই, যত আতঙ্ক তৃণমূলের। বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শিলিগুড়িতে ‘চায়ে-পে চর্চা’ কর্মসূচিতে উপস্থিত হয়ে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

কর্মীদের মনোবল বাড়তে ‘চায়ে-পে চর্চা’ শমীকের
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এসআইআর নিয়ে কেউ আতঙ্কে নেই, যত আতঙ্ক তৃণমূলের। বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শিলিগুড়িতে ‘চায়ে-পে চর্চা’ কর্মসূচিতে উপস্থিত হয়ে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের দলীয় এজেন্ডা সম্পর্কেও অবগত করান তিনি। কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। 

Advertisement

রবিবার সকালে শিলিগুড়ির বিধানমার্কেটে একটি বহু পুরনো ঐতিহ্যবাহী চায়ের দোকানের সামনে এই কর্মসূচি ছিল। সেখানে সংবাদিকদের বিজেপির রাজ্য সভাপতি বলেন, এবার উত্তরবঙ্গে আরও ভালো ফল করব আমরা। এই নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আতঙ্কে রয়েছে। সাধারণ মানুষ নয়। নির্বাচন কমিশন এসআইআর নিয়ম মেনেই করেছে। অন্যদিকে, ইরানের আক্রমণ প্রসঙ্গে শমীক বলেন, এই রাজ্যের ছেলেমেয়েরা ওমান, দুবাইয়ে কাজ করছে। ওদিকে পরিস্থিতি অস্থির হচ্ছে। সেই কারণে আমরা আতঙ্কিত রয়েছি। এটা পশ্চিমবঙ্গের লজ্জা। এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েদের ভিনরাজ্যের পাশাপাশি অন্য দেশেও কাজ খুঁজতে যেতে হচ্ছে। 
যদিও বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যকে খুব একটা পাত্তা দিতে নারাজ তৃণমূল। তাদের দাবি, বিজেপি দিবাস্বপ্ন দেখছে। এসআইআরের লাইনে দাঁড়িয়ে মানুষকে যে হয়রানির শিকার হতে হয়েছে তার জবাব দেবে ইভিএমে। দার্জিলিং জেলা তৃণমূল (সমতল) চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল বলেন, এর আগে অমিত শাহ এসে বলেছিলেন এবার ২০০ পার। ফল হয়েছিল আমাদের পক্ষে। আমরাই ২০০’র বেশি আসন পেয়েছিলাম। ঠিক তেমনই শমীক ভট্টাচার্য যাই বলুক না কেন, এসআইআরের লাইনে দাঁড়ানোর বদলা মানুষ আসন্ন ভোটের মাধ্যমে দেবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ