নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, মহিলাদের উপর অত্যাচার, জাতিগত মামলা সহ একাধিক কেসে ধৃত সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বুধবার বারাসত আদালতে তোলা হয়। তবে এদিন আদালতে ডিফ্যাক্টো কমপ্লেনার না থাকায় শুনানি হয়নি। বিচারক আজ, বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি আধিকারিকরা সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়। কয়েকমাস আগে পুরানো একটি মামলার সাক্ষীকে খুনের অভিযোগ ওঠে জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে। একাধিক অভিযোগে এদিন শাহজাহানকে বারাসত আদালতে হাজির করা হয়। এদিন জেলা আদলতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন শেখ শাহজাহান। তাঁর বক্তব্য, আমি একশো শতাংশ রাজনীতির শিকার। যারা সিবিআই ও ইডিকে ব্যবহার করে, তারাই আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। অন্যদিকে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে তাঁর সাফ জবাব, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগামী নির্বাচনে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হবে কি না, জানতে চাইলে শাহজাহান বলেন, এর জবাব সাধারণ মানুষ দেবেন। যদিও তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, মামলার শুনানি না হওয়ার কারণ ব্যাখ্যা করে সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য বলেন, নিয়ম অনুযায়ী শুনানির সময় ডিফ্যাক্টো কমপ্লেনারের আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। মামলায় বসিরহাটের এসডিপিও ডিফ্যাক্টো কমপ্লেনার হিসেবে চিহ্নিত। তাঁকে আগেই নোটিস পাঠানো হয়েছিল। তিনি সেই নোটিসে সই করেছিলেন। তা সত্ত্বেও তিনি এদিন আদালতে হাজির হননি। সেকারণেই বিচারক শুনানি স্থগিত রেখে বৃহস্পতিবার নতুন দিন ধার্য করেন। নিজস্ব চিত্র