Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশের আধুনিক পরিকাঠামো গড়ার লক্ষ্যে আজ বৈঠক শাহের

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশের আধুনিকীকরণের লক্ষ্যে বৈঠক করবেন। এই উদ্যোগের গুরুত্ব ও বিস্তারিত জানুন।

পুলিশের আধুনিক পরিকাঠামো গড়ার লক্ষ্যে আজ বৈঠক শাহের
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও কলকাতা: পালাবদলের বাংলায় অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জঙ্গি কার্যকলাপ দমনে কঠোর হচ্ছে দিল্লি। একদিকে যেমন শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের সুরক্ষার উপর বাড়তি নজর এবং অন্যদিকে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে অভ্যন্তরীন নিরাপত্তাকে আঁটোসাঁটো করার মতো একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি অপরাধ দমনে আরও সক্রিয় করতে পুলিশ বাহিনীর আধুনিক পরিকাঠামোর উপর জোর দেওয়া হচ্ছে। অভ্যন্তরীন নিরাপত্তার এই নয়া উদ্যোগকে সরেজমিনে খতিয়ে দেখতে দু’দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার অভ্যন্তরীন নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্ত বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সীমান্ত রক্ষা বাহিনীর উত্তরবঙ্গের কর্তাদের সঙ্গে সচিবালয় উত্তরকন্যায় জরুরি বৈঠক করবেন শাহ। বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

Advertisement

উত্তরবঙ্গ সফর সেরে এদিনই কলকাতায় ফিরে বাহিনীর আধুনিকীকরণের বিষয়ে রাজ্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ আধুনিকীকরণে রাজ্যের পরিকল্পনা কী এবং কোন কোন প্রস্তাব আটকে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে তা পর্যালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা। শুক্রবার তা নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। ক্ষমতায় আসা ইস্তক উত্তরবঙ্গের চিকেনস নেক এবং উত্তর ও দক্ষিণবঙ্গের উন্মুক্ত সীমান্তকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়তে তৎপর হয়েছে কেন্দ্র। কাঁটাতারের বেড়া এবং সীমান্ত চৌকির জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজে গতি এনেছে নবান্ন। আজ, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাংলাদেশ সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া দেওয়ার সে কাজের সূচনা করবেন শাহ। এরপরই চিকেনস নেকের সুরক্ষা, অনুপ্রবেশ ও চোরাচালান রোধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয় রিভিউ করবেন তিনি। সন্ধ্যায় কলকাতায় ফিরে পুলিশ কর্তাদের সঙ্গে বাহিনীর আধুনিকীকরণ সংশ্লিষ্ট জরুরি বৈঠক সারবেন। কাল, রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠান, আমূলের নতুন কারখানার শিলান্যাস সহ তিনটি কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ