সংবাদদাতা, বসিরহাট: বিয়ের আনন্দে জমজমাট ছিল বাড়ি। একে একে ভিড় করেছিলেন আত্মীয়রা। চলছিল হইহুল্লোর, খাওয়াদাওয়া। তারমধ্যেই বৃহস্পতিবার সকালের দিকে সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায় দুই খুদে ভাইবোন। ভিড়ের মাঝে একপ্রকার কেউই তাদের খোঁজ রাখেনি। যার পরিণতি হল ভয়ঙ্কর। বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে। যখন জানা গেল, নাবালক ভাইবোনের মৃত্যু হয়েছে জলে ডুবে। স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে ভাসমান অবস্থান দু’জনের দেহ উদ্ধার করে। মৃতেরা হল, আদিল মণ্ডল (৮) ও রিয়া মণ্ডল (১০)। ঘটনার কথা জানাজানি হতেই শোকে পাথর ঠাকুমা ও মৃতদের আত্মীয়রা।
বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্বরূপনগর ব্লকের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বুধবার বনগাঁ থেকে ঠাকুমার সঙ্গে ওই দুই ভাইবোন পিসির বাড়ি আসে। তাদের বাবা-মা কাজের সূত্রে মহারাষ্ট্রে রয়েছে। বাড়িতে ঠাকুমার কাছেই থাকত ভাইবোন। বৃহস্পতিবার ছিল পিসির মেয়ের বিয়ে। চলছিল বিয়ের আচার অনুষ্ঠান। বাড়ির সবাই নানা কাজে ব্যস্ত ছিলেন। কোনও এক সময় সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় ভাইবোন দু’জনেই। বেলা দশটা নাগাদ তাদের খোঁজ শুরু হয়। কিন্তু আশপাশে কোথাও দু’জনকে পাওয়া যায়নি। প্রায় গোটা গ্রামে শিশু দু’টির খোঁজ চলে। অবশেষে দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের জলে ভেসে থাকতে দেখা যায় নিথর দু’টি দেহ। তাদের উদ্ধার করে স্বরূপনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দেহ দু’টি উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, নিছক দুর্ঘটনা না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা জানা যাবে। স্থানীয় বাসিন্দা হাবিব গাজি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এমন একটি আনন্দের অনুষ্ঠানে মর্মান্তিক কাণ্ড। ওই পরিবারের কেউ কথা বলার মতো অবস্থায় নেই।