সংবাদদাতা, ডোমকল: বাসযাত্রী প্রতীক্ষালয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে সাগরপাড়ায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে সাগরপাড়ার মালোপাড়ায় একটি বাসযাত্রী প্রতীক্ষালয়ের ভিতর মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। সাগরপাড়া থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস সূত্রে জানা যায়, মৃতের নাম রবি শেখ(৪৫)। তাঁর বাড়ি রানিনগরের কাহারপাড়ায়। তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা বাসযাত্রী প্রতীক্ষালয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন তিনি মারা গিয়েছেন। তৎক্ষণাৎ তাঁরা মৃতের দিদির বাড়িতে খবর দেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই মৃতের দিদির বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে মৃতের পরিজনেরা এসে কান্নায় ভেঙে পড়েন। মৃতের পরিবারের এক মহিলা সদস্য বলেন, রবি অসুস্থ ছিল। শারীরিক অসুস্থতার পাশাপাশি ও মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছিল। ও কখন কোথায় থাকত, তার কোনও ঠিক ছিল না। মনে হয়, শারীরিক অসুস্থতার কারণেই ওর মৃত্যু হয়েছে। পুলিস বিষয়টি তদন্ত করে দেখুক। সাগরপাড়া থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।



